দেশে চলমান শিক্ষকদের দাবির বিষয়ে সরকার ন্যায্য বিবেচনা করবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আলী আশরাফ।
তিনি বলেন, শিক্ষকদের বিষয় নিয়ে একটা ধোঁয়াশা তৈরি হয়েছে। আশা করি দু’ পক্ষের মধ্যে আলোচনা সাপেক্ষে এর একটি সুষ্ঠু সমাধান হবে। যারা শিক্ষকদের নিয়ে নানা ধরনে অপমন্তব্য করেন তাদের শুভবুদ্ধির উদয় হোক। শিক্ষকদের দাবির বিষয়ে সরকার সঠিক বিবেচনা করবে বলে আশা করছি।
রবিবার সকালে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দিবসে বিশ্ববিদ্যালয়টির বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলে জাতির জনকের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করে সংক্ষিপ্ত বক্তব্যে এসব কথা বলেন ড. আশরাফ।
বঙ্গবন্ধু পরিষদের সধারণ সম্পাদক ড. কাজী কামাল উদ্দিনের উপস্থাপনায় ও সভাপতি আইনুল হকে সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়টির কোষাধ্যক্ষ অধ্যাপক কুন্ডু গোপীদাস, বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক সৈয়দুর রহমান, ব্যবসায় শিক্ষক অনুষদের ডিন ড. আহসান উল্যাহ, কাজী নজরুল ইসলাম হলের প্রাধ্যক্ষ মেহেদী হাসান, নওয়াব ফয়জুন্নেছা চৌধুরানী হলের প্রাধ্যক্ষ এন এম রবিউল আউয়াল চৌধুরীসহ অন্যান্য শিক্ষকরা।
