বিদ্যুতের তারের নিচে ভবন নির্মাণ, বিদ্যুৎস্পৃষ্টে শ্রমিক নিহত

আপডেট : ১২ মার্চ ২০১৯, ১৯:১৪

দিনাজপুরের ফুলবাড়ি পৌর এলাকার দক্ষিণ সুজাপুর গ্রামে মঙ্গলবার সকালে দ্বিতল ভবনের ছাদ ঢালাই দেওয়ার সময় ৩৩ কেভি ভোল্টের বৈদ্যুতিক তার স্পৃষ্ট হয়ে এক নির্মাণ শ্রমিকের মৃত হয়েছেন। আরেক শ্রমিক গুরুত্বর আহত হয়েছেন।

নিহত নির্মাণ শ্রমিক সাহাবাজপুর গ্রামের আনিছুর রহমানের ছেলে রাজু (২২) ও আহত শ্রমিক পার্শ্ববর্তী পার্বতীপুর উপজেলার আমবাড়ী গ্রামের নূর ইসলামের ছেলে রেজাউল আলম (২০)।

প্রত্যক্ষদর্শীরা বলেন, উপজেলার রাজারামপুর মাছুয়াপাড়া গ্রামের রামাকান্ত দাসের ছেলে ও ব্যাংক কর্মচারী সজয় দাস স্থানীয় সুজাপুরস্থে নতুন ভবনের কাজ শুরু করেছিলেন। সকাল পৌনে ১১টায় দ্বিতল ভবনের ঢালাই কাজ করার সময় ছাদের ওপর দিয়ে সংস্পর্শে থাকা ৩৩ কেভি ভোল্টের তার স্পৃষ্ট হয়ে শ্রমিক রেজাউল ছাদ থেকে মাটিতে পরে যান।  এর পরপরই রাজুর গায়ে আগুন লেগে যায়। পরে বিদ্যুৎ অফিসে ফোন করে বিদ্যুৎ বিচ্ছিন্নের পর তাদেরকে উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া সময় পথের মধ্যেই রাজুর মৃত্যু হয়।

এলাকাবাসী বলেন, ভবনের ওপর দিয়ে বৈদ্যুতিক তার থাকায় ছাদ ঢালাইয়ের সময় বিদ্যুৎ বন্ধ রাখা প্রয়োজন ছিল। কিন্তু বাড়ি মালিকের হেয়ালি ও বিদ্যুৎ অফিসের নজরদারি না থাকায় এ দুর্ঘটনাটি ঘটেছে।

বিদ্যুৎ অফিস কর্মচারী আজিজ মণ্ডল বলেন, ভবন সংস্পর্শে ৩৩ কেভি বিদ্যুতের তার থাকায় সে তারের মধ্যে প্লাস্টিকের পাইপ ঢোকানো হয়েছে। যেহেতু ঢালাইয়ের কাজ চলছিল সেহেতু বিদ্যুৎ অফিসকে জানানো প্রয়োজন ছিল। কারণ তখন কিছুক্ষণের জন্য বিদ্যুৎ সংযোগ বন্ধ রাখার দরকার ছিল। কিন্তু বাড়ি মালিক তা করেননি। 

থানা অফিসার ইনর্চাজ (ওসি) মো. শেখ নাসিম হাবিব বলেন, হতাহতের ঘটনায় বাড়ির মালিক সজয় দাসকে আটক করা হয়েছে। নিহতের পরিবার থেকে মামলা করলে আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।


ইত্তেফাক/জেডএইচ