বেশি কাজ করায় ডেনমার্ক থেকে বিদেশি ছাত্রকে বহিষ্কার

আপডেট : ১০ জানুয়ারি ২০১৬, ১৭:৪০
 
উন্নয়নশীল দেশ থেকে পশ্চিমা বিশ্ববিদ্যালয়গুলোতে পড়তে যাওয়া শিক্ষার্থীদের অনেকেই খণ্ডকালীন চাকরি করে নিজের ব্যয়ভার বহন করেন। তবে এক্ষেত্রে কিছু বিধিনিষেধও মেনে চলতে হয় শিক্ষার্থীদের। এই বিধিনিষেধ অমান্য করে বেশি কাজ করায় ডেনমার্ক থেকে বের করে দেয়া হলো এক বিদেশি ছাত্রকে।
 
৩০ বছরের মরিয়াস ইয়োউবি প্রকৌশল অনুষদের ছাত্র ছিলেন। ডেনমার্ক কর্তৃপক্ষ তাকে ৮ জানুয়ারির মধ্যেই দেশ ছাড়ার নির্দেশ দেয়। সে অনুযায়ী ৭ তারিখ নিজ দেশ ক্যামেরুনে ফিরে গেছেন তিনি। মরিয়াসের বিরুদ্ধে একমাত্র অভিযোগ, অনুমোদিত সময়ের চেয়ে বেশি সময় ধরে চাকরির করতেন তিনি। সেই অর্থে কঠোর পরিশ্রম করার জন্যই তাকে দেশছাড়া করা হয়েছে। বহিষ্কারাদেশ ঠেকাতে বিশ্ববিদ্যালয়ের শত চেষ্টা সত্ত্বেও শেষ রক্ষা হয়নি তার।
 
ডেনমার্কে সপ্তাহে ১৫ ঘণ্টা কাজ করার সুযোগ পায় বিদেশি শিক্ষার্থীরা। ইয়োউবির বিরুদ্ধে অভিযোগ তিনি এই সীমা অতিক্রম করেছিলেন। পড়ালেখার খরচ চালানোর জন্য 'ক্লিনার' হিসেবে কাজ করতেন তিনি। সূত্র: এএফপি