বগুড়ার আদমদীঘি উপজেলার সান্তাহারে শুক্রবার আওয়ামী লীগ, শ্রমিক লীগ ও জাতীয় পার্টির নেতা-কর্মীদের ত্রিমুখী সংঘর্ষে দুই শ্রমিক লীগ কর্মীর মৃত্যুর ঘটনায় ৭৩ জনকে আসামি করে মামলা হয়েছে।
রবিবার দুপুরে নিহত শ্রমিক লীগ কর্মী শফিকুল ইসলামের ভাই ও শ্রমিক লীগ নেতা নুর ইসলাম বাদী হয়ে এ মামলা করেন। মামলায় নব নির্বাচিত পৌর মেয়র বিএনপি নেতাসহ আওয়ামী লীগ ও জাতীয় পার্টির ২৩ নেতা-কর্মীর নাম উল্লেখ ও অজ্ঞাতনাম আরো ৫০ জনকে আসামি করা হয়েছে।
আদমদীঘি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শওকত কবির জানান, সংর্ঘষের পর আটক তিনজনকে রবিবারের মামলায় গ্রেফতার দেখানো হয়েছে।
উল্লেখ্য, শুক্রবার সান্তাহারে পৌরসভা নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী পরাজিত হওয়ার জের এবং ব্যাটারি চালিত অটোরিকশা ও সিএনজি চালিত অটোরিকশা চলাচলের নিয়ন্ত্রণ নিয়ে ওই ত্রিমুখী সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে শ্রমিক লীগ কর্মী শফিকুল মারা যান। গুরুতর আহত অপর শ্রমিক লীগ কর্মী সোহাগ চিকিৎসাধীন অবস্থায় শনিবার ভোররাতে মারা যান।
