টেকনাফে মৃত ব্যক্তির পেটে ইয়াবা!

আপডেট : ১০ জানুয়ারি ২০১৬, ২২:৫১
কক্সবাজারের টেকনাফ উপজেলায় পায়ু পথে ইয়াবা পাচার করতে গিয়ে মো. ইসমাঈল ওরফে বাঘাইয়া (১৮) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। তিনি টেকনাফ সদর ইউনিয়নের কচুবনিয়া এলাকার মো. গুরা মিয়ার ছেলে। রবিবার সকালে মৃতের লাশ কক্সবাজার মর্গে নিয়ে গেলে তার পেটের ভেতর থেকে ইয়াবাগুলো পাওয়া যায়।
 
জানা গেছে, শনিবার বিকালে মো. ইসমাঈল টাকার বিনিময়ে পায়ুপথে ইয়াবা ঢুকিয়ে ঢাকার উদ্দেশ্য রওনা দেয়। টেকনাফের হ্নীলা এলাকায় পৌঁছালে তিনি পেটে ব্যথা অনুভব করেন। পরে তিনি ওই এলাকায় তার বোনের বাড়িতে আশ্রয় নেন। এ সময় গুরুতর অসুস্থ হয়ে পড়লে দ্রুত হাসাপাতালে নেয়ার পথে তিনি মারা যান।
 
টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আতাউর রহমান খোন্দকার তথ্যের সত্যতা নিশ্চিত করে জানান, শনিবার রাত ১১ টার দিকে পুলিশের একটি দল তার গ্রামের বাড়ি থেকে লাশটি উদ্ধার করে রবিবার সকালে ময়নাতদন্তের জন্য কক্সবাজার মর্গে পাঠায়। পরে পেটের ভেতরে এক হাজার পিস ইয়াবা বড়ি পাওয়া যায়।