চা-পুরি খাওয়ার টাকা চাপাতির কোপে পরিশোধ

আপডেট : ১০ জানুয়ারি ২০১৬, ২০:৫৩
বাকিতে চা-পুরি খেয়ে চাপাতি দিয়ে কুপিয়ে শোধ করেছে এক দুর্বৃত্ত। চাপাতির কোপে হোটেল মালিকের স্ত্রী ও এক ছেলে গুরুতর আহত হয়েছে। রবিবার সকাল সাড়ে ৮ টার দিকে রাজধানীর হাজারীবাগের ৪৯, সনাতন রোডের সজল চায়ের দোকানে এই ঘটনা ঘটে। আহত অবস্থায় দোকানের মালিকের স্ত্রী পারভীন আক্তার শান্তি (৪০) ও ছেলে সজল (১৮) কে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। পুলিশ ভোলা মাসুম নামে হামলাকারীকে আটক করতে পারেনি।
 
দোকানের মালিক জাহাঙ্গীর হোসেন বলেন, বৌবাজার এলাকায় তার চায়ের দোকান আছে। স্থানীয় সন্ত্রাসী ভোলা মাসুম প্রতিদিন দোকান থেকে চা-পুরি খেয়ে টাকা দিতেন না। কয়েকদিন আগে ভোলা মাসুম তার দোকান থেকে আড়াই হাজার টাকা চাঁদা নেয়। রবিবার সকালে ভোলা মাসুম দোকান থেকে চা-পুরি খেয়ে যাওয়ার সময় তার ছেলে সজল বাকির টাকা চায়। এ নিয়ে তাদের মধ্যে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে ভোলা মাসুম পাশের মাংসের দোকান থেকে চাপাতি এনে সজলকে উপর্যুপরি কোপায়। তার চিত্কারে সজলের মা শান্তি এগিয়ে এলে তাকেও কোপ দেয় ভোলা। কোপে শান্তির ঘাড় থেকে হাত অনেকটা বিচ্ছিন্ন হয়ে গেছে। সজল ও শান্তিকে আশংকাজনক অবস্থায় প্রথমে জাপান-বাংলাদেশ ফ্রেন্ডশিপ হাসপাতালে ভর্তি করা হয়। পরে সেখান থেকে তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। 
 
হাজারীবাগ থানার ওসি মীর আলিমুজ্জামান জানান, স্থানীয় এক দুর্বৃত্তের চায়ের দোকানে হামলা চালানো অভিযোগ তিনি পেয়েছেন। দুর্বৃত্তকে আটকের চেষ্টা করা হচ্ছে।