গাইবান্ধা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের দ্বি-বার্ষিক নির্বাচনে আলহাজ শাহজাদা আনোয়ারুল কাদির সভাপতি নির্বাচিত হয়েছেন। এছাড়া আব্দুল লতিফ হক্কানী সিনিয়র সহ-সভাপতি এবং এসএম আনোয়ারুল কাদির ফুল ও নাজির হোসেন প্রধান সহ-সভাপতি নির্বাচিত হয়েছেন।
রবিবার সন্ধ্যায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে ১৯ সদস্যের ওই কমিটি গঠন করা হয় বলে জানান, জেলা প্রশাসক কার্যালয়ের সহকারী কমিশনার ও নির্বাচন পরিচালনা কমিটির অহ্বায়ক আবু সুফিয়ান।
এর আগে শনিবার স্থানীয় পাবলিক লাইব্রেরি মিলনায়তনে অনুষ্ঠিত নির্বাচনে ব্যবসায়ীদের প্রত্যক্ষ ভোটে শাহজাদা আনোয়ারুল কাদির প্যানেলে অর্ডিনারী গ্রুপে আটজন এবং অ্যাসোসিয়েট গ্রুপ থেকে দুইজন নির্বাচিত হন। অপরদিকে আবুল খায়ের মোরছেলীন পারভেজ প্যানেলে অর্ডিনারী গ্রুপে চারজন এবং অ্যাসোসিয়েট গ্রুপ চারজন নির্বাচিত হন।
কাদির প্যানেলে অর্ডিনারী গ্রুপের নির্বাচিতরা হচ্ছেন, শাহজাদা আনোয়ারুল কাদির, আব্দুল লতিফ হক্কানী, এসএ কাদির ফুল, নওশের আলম, সুদেব কুমার চৌধুরী, নাজির হোসেন প্রধান, আব্দুস সবুর ও সাইদুল ইসলাম। এছাড়া অ্যাসোসিয়েট গ্রুপে নির্বাচিতরা হচ্ছেন, মোক্তাদুর রহমান ও সানোয়ার হোসেন।
অপরদিকে পারভেজ প্যানেলে অর্ডিনারী গ্রুপে নির্বাচিতরা হচ্ছেন, মাকছুদার রহমান শাহান, আবুল খায়ের মোরছেলীন পারভেজ, আতিকুর রহমান ও খান মোহাম্মদ জসিম। অ্যাসোসিয়েট গ্রুপে নির্বাচিতরা হচ্ছেন, দিলীপ কুমার সাহা, আজহারুল ইসলাম, নুরে হাবীব ও তৌহিদুল ইসলাম মিলন।
উল্লেখ্য, নির্বাচনে অর্ডিনারী গ্রুপে ৬৯১ জন ভোটারের মধ্যে ৫৪১ জন এবং অ্যাসোসিয়েট গ্রুপে ১২১ জন ভোটারের মধ্যে ১১০ জন তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারী কমিশনার আবু সুফিয়ান নির্বাচন পরিচালনা করেন।
