কুমিল্লার চৌদ্দগ্রামে সংঘবদ্ধ ডাকাতদল একই পরিবারের চার সদস্যকে বেঁধে নগদ টাকা, স্বর্ণালঙ্কারসহ অন্তত ২০ লাখ টাকার মালামাল লুটে নিয়েছে। রবিবার দিবাগত রাত আড়াইটার দিকে উপজেলার উজিরপুর ইউনিয়নের লালবাগ গ্রামে এ ঘটনা ঘটে। ডাকাতরা রশি দিয়ে বাঁধার কারণে শ্বাসরুদ্ধ হয়ে উপজেলা আনসার-ভিডিপির সাবেক কমান্ডার আকবর (৭৫) মারা গেছেন।
জানা গেছে, সংঘবদ্ধ ডাকাতদল আলী আকবরের বাড়ির গেইটের তালা কেটে ভেতরে প্রবেশ করে। এরপর আলী আকবর (৭৫), তার স্ত্রী আনোয়ারা বেগম (৬২), পুত্রবধু রোকসানা আক্তার (৩৪) ও আয়েশা আক্তার শিরিনকে (৩২) বেঁধে রাখে। এ সময় তারা নগদ টাকা, আট ভরি স্বর্ণালঙ্কার, দুই ভরি রূপাসহ ২০ লাখ টাকার প্রয়োজনীয় মালামাল লুটে নিয়ে যায়। ডাকাতরা রশি দিয়ে শক্ত করে বেঁধে রাখায় ঘরেই আলী আকবরের মৃত্যু হয়।
ঘরের লোকজনের চিৎকারে ডাকাতরা ঘরের বাইরে তালা মেরে পালিয়ে যায় এবং আশ-পাশের লোকজন এসে আহতদের উদ্ধার করে।
খবর পেয়ে সোমবার সকাল সাড়ে নয়টায় কুমিলা (দক্ষিণ) অতিরিক্ত এএসপি আবদুল্লাহ আল মামুন ও চৌদ্দগ্রাম থানার ওসি মো. ফরহাদ হোসেনের নেতৃত্বে পুলিশের দুইটি টিম ঘটনাস্থল পরিদর্শন করেন।
