সুন্দরগঞ্জে ডায়রিয়ার প্রকোপ

আপডেট : ১১ জানুয়ারি ২০১৬, ১৫:০৬
সুন্দরগঞ্জ উপজেলায় ডায়রিয়ার প্রকোপ দেখা দিয়েছে। গত ২ দিনে শতাধিক রোগী হাসপাতালে ভর্তি হয়েছে। 
 
জানা গেছে, উপজেলার বিভিন্ন গ্রামে ডায়রিয়ার প্রকোপ দেখা দেয়ায় গত ২ দিনে শতাধিক রোগী ডায়রিয়ায় আক্রান্ত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। 
 
ডায়রিয়া গ্রামগুলো হচ্ছে- সোনারায়, বামনডাঙ্গা, তারাপুর, বেলকা, দহবন্দ, সর্বানন্দ, রামজীবন, ছাপড়হাটী, শান্তিরাম, হরিপুর, চণ্ডিপুর, শ্রীপুর, কাপাসিয়া ও ধোপাডাঙ্গা। বিশেষ করে চরাঞ্চলের এ রোগের প্রকোপ বেশি বলে লক্ষ্য করা যাচ্ছে। 
 
ইতোমধ্যে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে শতাধিক আক্রান্ত ডায়রিয়া রোগী ভর্তি হয়েছে। এছাড়া প্রতিদিন স্থানীয় পল্লী চিকিৎসক ও কমিউনিটি ক্লিনিকগুলোতে ডায়রিয়ায় আক্রান্তরা চিকিৎসা নিচ্ছে। 
 
এ ব্যাপারে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. শুকুর আলী জানান, ডায়রিয়া একটি পানি বাহিত ব্যাধি। তবে অতিরিক্ত ঠাণ্ডার কারণে এ রোগের প্রকোপ দেখা দিয়েছে। এন্টিবায়েটিক ছাড়া অন্যান্য ওষুধপত্র পর্যাপ্ত রয়েছে।