রংপুর শহরে বাসচাপায় মোটরসাইকেল আরোহী এক দম্পতি নিহত হয়েছেন। সোমবার শহরের মাহিগঞ্জ কলেজের সামনে এ দুর্ঘটনা ঘটে বলে জানান মাহিগঞ্জ পুলিশ ফাঁড়ির উপ পরিদর্শক (এসআই) আফওয়াজুল ইসলাম।
নিহতরা হলেন— রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকের অবসরপ্রাপ্ত কর্মকর্তা মাহবুবুর রহমান (৬০) ও তার স্ত্রী নাজমা খাতুন (৫৪)। এদের বাড়ি রংপুরের পীরগাছা উপজেলার জোলাপাড়া গ্রামে বলে জানান এসআই।
প্রত্যক্ষদর্শীর বরাত দিয়ে এসআই আফওয়াজুল বলেন, মাহবুবুর রহমান স্ত্রীকে নিয়ে মোটরসাইকেলে করে শহর থেকে পীরগাছা উপজেলায় নিজ বাড়িতে ফিরছিলেন। মাহিগঞ্জ কলেজের সামনে পৌঁছলে বিপরীত দিক থেকে আসা যাত্রী বোঝাই হিমালয় পরিবহনের একটি বাস চাপা দেয়। এতে ঘটনাস্থলেই মারা যান নাজমা বেগম। আর হাসপাতালে নেয়ার পথে মারা যান মাহবুবুর রহমান। দুর্ঘটনার পর স্থানীরা বাসটি ভাঙচুর করে এবং রংপুর-পীরগাছা সড়কে যানবাহন চলাচল বন্ধ করে দেয়।’
