গাইবান্ধায় স্কুলছাত্রের বস্তাভর্তি লাশ উদ্ধার

আপডেট : ১১ জানুয়ারি ২০১৬, ১৭:৩২

নিখোঁজের একদিন পর সোমবার গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার রামপুরা গ্রামের একটি বাঁশ ঝাড় থেকে মশিউর রহমান (১১) নামে এক স্কুলছাত্র বস্তাভর্তি লাশ পুলিশ উদ্ধার করেছে।  মশিউর ওই গ্রামের গোলাম হোসেনের ছেলে ও রামপুরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির ছাত্র।

গত রবিবার সন্ধ্যা ৭টার দিকে মশিউর প্রতিবেশি এক বাড়িতে টেলিভিশন দেখতে যায়। এরপর সে আর বাড়ি ফিরে আসে নি। পরদিন সোমবার সকালে বাড়ির অদূরে একটি বাঁশ ঝাড়ের নিচে এলাকাবাসী বস্তাবন্দি একটি লাশ দেখতে পায়। বিষয়টি মশিউরের পরিবার ও থানা পুলিশকে জানানো হয়। খবর পেয়ে পরিবারের লোকজন মশিউরের লাশ শনাক্ত করেন।

গোবিন্দগঞ্জ থানার ওসি (তদন্ত) আমিনুল ইসলাম জানান, মশিউরের শরীরে আঘাতের চিহ্ন রয়েছে। এ ঘটনায় মশিউরের পরিবারের পক্ষ থেকে গোবিন্দগঞ্জ থানায় একটি হত্যা মামলার করা হয়েছে।