বিএনপি-জামায়াতের লাগাতার হরতাল-অবরোধে পেট্রোলবোমা হামলায় গাইবান্ধার নিহত ও আহতদের মধ্যে সোনালী ব্যাংক লিমিটেড ১৭ লাখ ৪৫ হাজার টাকা আর্থিক সহায়তা প্রদান করেছেন।
সোমবার জেলা পরিষদ মিলনায়তনে জাতীয় সংসদের হুইপ মাহাবুব আরা বেগম গিনি আনুষ্ঠানিকভাবে এই আর্থিক সহায়তা চেক হস্তান্তর করেন।
এ উপলক্ষ্যে সোনালী ব্যাংক লিমিটেডের গাইবান্ধা প্রিন্সিপাল অফিসের ডেপুটি জেনারেল ম্যানেজার ইঞ্জিনিয়ার মাহবুবর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন সোনালী ব্যাংক রংপুর বিভাগের জেনারেল ম্যানেজার মো. মাহবুবুর রহমান, জেলা প্রশাসক মো. আব্দুস সামাদ, জেলা পুলিশ সুপার মো. আশরাফুল ইসলাম প্রমুখ।
উল্লেখ্য, পেট্রোল বোমায় নিহত ১২ জনের প্রতি পরিবারকে ৫৫ হাজার টাকা হিসেবে ৬ লাখ ৬০ হাজার টাকা এবং আহত ৩১ জনের প্রত্যেককে ৩৫ হাজার টাকা হিসেবে ১০ লাখ ৮০ হাজার টাকা প্রদান করে করা হয়।
