নরসিংদীর মাধবপুর ও ব্রাহ্মণবাড়িয়া সীমান্তবর্তী নোয়াগাঁও এলাকায় জাতীয় গ্রিড লাইনের পাইপ ছিদ্র করে তেল চুরির ঘটনা ঘটেছে।
তবে চুরির পর লগিটি বিকল হয়ে যায়। অতঃপর তেলভর্তি লড়িটিতে রহস্যজনক আগুন ধরে যায়। এতে ঢাকা-সিলেট মহাসড়কে প্রায় তিন ঘণ্টা যান চলাচল বন্ধ থাকে। এ সময় দীর্ঘ ১০ কিলোমিটার যানজটের সৃষ্টি হয়।
রবিবার দিনগত রাত থেকে সোমবার সকাল পর্যন্ত এসব ঘটনা ঘটে।
মাধবপুর ব্রাহ্মণবাড়িয়া, শায়েস্তাগঞ্জ, হবিগঞ্জসহ দমকল বাহিনীর ছয়টি ইউনিট তিন ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনলে মহাসড়কে পুনরায় যান চলাচল স্বাভাবিক হয়।
প্রত্যক্ষদর্শীরা জানায়, রবিবার রাতের কোনো এক সময় আশুগঞ্জ জাতীয় গ্রিড লাইনের মাধবপুর ও ব্রাহ্মণবাড়িয়া জেলার সীমান্তবর্তী নোয়াগাঁও কৃষি জমির উপর দিয়ে যাওয়া সঞ্চালন পাইপ ছিদ্র করে একটি সংঘবদ্ধ তেল পাচারকারী চক্র একটি লড়িতে তেল বোঝাই করে। এরপর লড়িটি মহাসড়কে উঠার সময় সাতবর্গ নামক স্থানে এসে বিকল হয়ে যায়। স্থানীয় লোকজন ঘটনাটি বিজয়নগর উপজেলার ইসলামপুর ফাঁড়িতে জানালে ফাঁড়ির টিএসআই সকালে ঘটনাস্থলে পৌঁছে। এ সময় উৎসুক জনতা গাড়ির সামনে ভিড় জমায়। পুলিশ ছিদ্র করা পাইপ লাইন দেখতে গেলে চোরাই তেলবাহী লড়িটিতে রহস্যজনক অগ্নিকাণ্ড ঘটে। এ সময় মাধবপুর উপজেলাধীন ওই মহাসড়কের আন্দিউড়া থেকে বিজয়নগর উপজেলার ইসলামপুর পর্যন্ত ১০ কিলোমিটার দীর্ঘ যানজটের সৃষ্টি হয়।
জিটিসিএলের রামপুর থেকে আন্দিউড়া পর্যন্ত নিরাপত্তা রক্ষীদের দায়িত্বে থাকা সুপার ভাইজার আল আমিন বলেন, তিনি জিটিসিএল ও পেট্রো বাংলার ঊর্ধ্বতন কর্মকতাদের বিষয়টি জানিয়েছেন।
