১৭টি জেলার ২২ পৌরসভার ৫৫টি কেন্দ্রে পুনঃভোট অনুষ্ঠিত হতে যাচ্ছে মঙ্গলবার। এর মধ্যে অনিয়ম ও গোলযোগের কারণে নরসিংদীর মাধবদীসহ (১২টি কেন্দ্র) ২০টি পৌরসভার ৫১টি স্থগিত ভোটকেন্দ্র রয়েছে। স্থগিত কেন্দ্রগুলোর সঙ্গে তিন পৌরসভার সমভোটপ্রাপ্ত তিনটি ওয়ার্ডের সাধারণ কাউন্সিলর পদের জন্য চারটি কেন্দ্রে ভোটও অনুষ্ঠিত হবে। যদিও সমভোট প্রাপ্ত চট্টগ্রামের চন্দনাইশে স্থগিত ভোটকেন্দ্রেও ভোট হবে।
সকাল আটটা থেকে বিকাল চারটা পর্যন্ত এ ভোট অনুষ্ঠিত হবে। ভোট উপলক্ষে মাধবদী পৌর এলাকায় সাধারণ ছুটি ঘোষণা করেছে কমিশন। পুনঃভোটকে কেন্দ্র করে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করেছে ইসি। গত ৬ জানুয়ারি ওইসব এলাকায় পুনঃভোটের সিদ্ধান্ত নেয়া হয়।
গত ৩০ ডিসেম্বর দেশের ২৩৪ পৌরসভায় ভোট হয়। ওই দিন অনিয়ম ও গোলযোগের কারণে ১৭টি জেলার ২০টি পৌরসভার ৫১টি কেন্দ্রের নির্বাচন স্থগিত করা হয়। এসব পৌরসভায় সাতটি মেয়র পদ এবং সাধারণ ও সংরক্ষিত ওয়ার্ডের ৭২টি কাউন্সিলর পদে পুনঃভোট হবে। মেয়র পদে ঠাকুরগাঁও সদর, নীলফামারীর সৈয়দপুর, কুড়িগ্রামের উলিপুর, বরগুনার বেতাগী, মাদারীপুরের কালকিনি, নোয়াখালীর চৌমুহনীতে ভোট হবে। নরসিংদীর মাদবদী পৌরসভার ১২টি কেন্দ্রেই মেয়র, সাধারণ ও সংরক্ষিত কাউন্সিলর পদে পুনঃভোট হচ্ছে। তবে অন্য পৌরসভায় মেয়র ও কাউন্সিলর পদে দুই প্রার্থীর মধ্যে ভোটের ব্যবধান স্থগিত কেন্দ্রের ভোটের চেয়ে কম হওয়ায় পুনঃভোট করতে হচ্ছে।
