কারাগারের পিকআপের ধাক্কায় মা-মেয়েসহ নিহত ৩

আপডেট : ১১ জানুয়ারি ২০১৬, ১৯:৩৫
রংপুর সদর উপজেলায় কারাগারের পিকআপের ধাক্কায় মা-মেয়েসহ তিনজন নিহত এবং চারজন আহত হয়েছেন। সোমবার সন্ধ্যা সাড়ে ৫টায় উপজেলার হরকলি ঠাকুরতাড়ি এলাকায় রংপুর-দিনাজপুর মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে।
 
ঘটনার পর ক্ষুব্ধ এলাকাবাসী পিকআপটি ভাংচুর করে সড়ক অবরোধ করে রাখে। নিহতরা হলেন- উপজেলার সলেয়া শাহ গ্রামের জেসমিন আক্তার (৩৫), তার মেয়ে আনার কলি (৫) এবং সফু উদ্দিন (৭০)। আহত চারজনকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
 
রংপুর কোতোয়ালি থানার ওসি আবদুল কাদের জিলানি বলেন, জেসমিন ও আনার কলি ঘটনাস্থলে এবং সফু উদ্দিন হাসপাতালে নেয়ার পথে মারা যান।
 
রংপুর কারাগারের ডেপুটি জেলার সোহরাব হোসেন সাংবাদিকদের বলেন, পিকআপটি রংপুর কেন্দ্রীয় কারাগারের সুপারিনটেনডেন্ট ও জেলারকে সৈয়দপুর বিমানবন্দরে পৌঁছে দিয়ে ফেরার পথে যাত্রীবাহী ভ্যানটিকে ধাক্কা দেয়। ক্ষুব্ধ জনতা রংপুর-দিনাজপুর মহাসড়ক অবরোধ করায় ঠাকুরগাঁও, পঞ্চগড় ও দিনাজপুরের সাথে সারাদেশের সড়ক যোগাযোগ বন্ধ হয়ে যায়।