রংপুরে পুলিশ-ভ্যানের চাপায় শিশুসহ নিহত ৫

আপডেট : ১১ জানুয়ারি ২০১৬, ২০:২৭
রংপুর কেন্দ্রীয় কারাগারের পিকাপ ভ্যানের ধাক্কায় শিশুসহ অটোরিকশার পাঁচ যাত্রী নিহত হয়েছে। এ ঘটনায় আহত আরো তিনজন জেলা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। নিহতরা হলো, আনার কলি (৫), আইরিন আক্তার (২৫), সবুর উদ্দিন (৬৫), আলীম উদ্দিন (৫০) ও ধনজয় (৫০)।
 
সোমবার সন্ধ্যায় রংপুর মহানগরীর পাগলাপীর ঠাকুরপাড়া এলাকায় রংপুর-দিনাজপুর মহাসড়কে এ ঘটনা ঘটে। ঘটনার পর কারাগারের পিকাপ-ভ্যানে পুড়িয়ে দিয়েছে উত্তেজিত জনতা। এখন পর্যন্ত ওই মহাসড়কে যানবাহন চলাচল বন্ধ রয়েছে।
 
জানা গেছে, সোমবার সন্ধ্যায় জেলা কেন্দ্রীয় কারাগারের পিকাপ-ভ্যানটি সৈয়দপুর থেকে রংপুর আসছিল। এ সময় ওই মহাসড়কের পাগলাপীরের ঠাকুরপাড়া এলাকায় পিকাপ-ভ্যানটি বিপরীত দিক থেকে আসা যাত্রীবাহী একটি অটো রিকশাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলে শিশুসহ অটোরিকশার তিনজন নিহত হয়। গুরুতর আহত পাঁচজনকে জেলা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক দুইজনকে মৃত ঘোষণা করেন।
 
কোতয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি-তদন্ত) আব্দুল আজিজ তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।