বিনোদন রিপোর্ট
নতুন বছরের ২ মাসের বেশি পার হয়ে গেছে। অথচ এখনো প্রেক্ষাগৃহে দেখা নেই শাকিব খানের। তবে গতবছরের খাতা খুলেছিলেন ১৬ ফেব্রুয়ারিতে মুক্তি পাওয়া ‘আমি নেতা হবো’ চলচ্চিত্রের মাধ্যমে। সেক্ষেত্রে বলা যায়, এ বছর একটু দেরি করেই প্রেক্ষাগৃহে ফিরছেন শাকিব খান। তবে দেরি করে ফিরলেও নতুন চমক নিয়ে হাজির হচ্ছেন তিনি। তার সঙ্গে থাকছেন নুসরাত ফারিয়া ও নবাগত রোদেলা জান্নাত।
তরুণ নির্মাতা শামীম আহমেদ রনি পরিচালিত এ সিনেমা নিয়ে অনেকদিন ধরেই আলোচনা চলছে চলচ্চিত্র পাড়ায়। তবে এতদিন পর্যন্ত সিনেমাটির একটি টিজার ছাড়া প্রকাশ্যে আসেনি কিছুই। কথা ছিল ৯ মার্চ প্রকাশ্যে আসবে ‘শাহেনশাহ’র একটি গান কিংবা পোস্টার। কিন্তু সিনেমাটির প্রথম অফিশিয়াল পোস্টার প্রকাশ করা হয় তারও দু-দিন পর। এই পোস্টারে কেবল দেখা দিয়েছেন শাকিব খান। মারমুখী ভঙ্গিতে তেড়ে আসছেন তিনি। বোঝাই যাচ্ছে, ‘শাহেনশাহ’ সিনেমায় শাকিবকে অ্যাকশনধর্মী চরিত্রে দেখা যাবে।
এছাড়াও মুক্তির অপেক্ষায় রয়েছে শাকিব খানের আরেকটি সিনেমা ‘নোলক’। এটি পরিচালনা করছেন সাকিব সনেট। গতবছর থেকেই চলচ্চিত্রটির মুক্তি নিয়ে নানা আলোচনা হচ্ছে। তবে বিশ্বস্ত সূত্রে জানা গেছে, আগামী মাসের মাঝেই এটি মুক্তি পেতে পারে। এই সিনেমায় শাকিব খানের বিপরীতে অভিনয় করেছেন চিত্রনায়িকা ববি। হলের বর্তমান অবস্থা ও চলচ্চিত্র দুটি নিয়ে শাকিব খান বলেন, ‘নতুন বছরে এখনো হলগুলোতে মন্দাভাব দূর হয়নি। চলচ্চিত্র নির্মাণের সংখ্যাও কমে গেছে। এমন অবস্থায় শাহেনশাহ ও নোলক ছবি দুটি দর্শকদের হলমুখি করবে। খুব ভালো কাজ হয়েছে।’ চলচ্চিত্র নির্মাণ প্রসঙ্গে শাকিব আরো বলেন, ‘দর্শকদের কথা মাথায় রেখে চলচ্চিত্র নির্মাণ করা উচিত।’
