খুলনায় অজ্ঞাত পরিচয় এক যুবককে (৩৮) কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। মঙ্গলবার ভোরে নগরীর খানজাহান আলী সেতুর (রূপসা সেতু) বাইপাস সড়ক সংলগ্ন হরিণটানা সড়কে গ্রামীণ ফোনের টাওয়ারের পাশ থেকে পুলিশ তার লাশ উদ্ধার করে।
পুলিশ জানায়, দুর্বৃত্তরা ঐ যুবককে অন্য কোথায় কুপিয়ে হত্যা করে লাশ গ্রামীণ ফোনের টাওয়ারের পাশে ফেলে যায়। সকাল সাড়ে নয়টার দিকে স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে তার লাশ উদ্ধার করে। নিহত যুবকের বুকের বামপাশে ধারালো অস্ত্রের তিনটি আঘাতের চিহ্ন রয়েছে। পুলিশ ঘটনাস্থল থেকে প্রাইভেটকারের একটি রক্তমাখা পাদানি উদ্ধার করেছে।
নগরীর লবণচরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সরদার মোশাররফ হোসেন জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, নিহত যুবককে অন্য কোথাও হত্যা করে লাশ গাড়িতে এনে দুর্বৃত্তরা উক্ত স্থানে ফেলে গেছে। নিহত যুবকের পরিচয় ও হত্যা রহস্য উদঘাটন এবং হত্যাকারীদের গ্রেফতারের চেষ্টা চলছে।
