সৈয়দপুরে রিক্রুট ব্যাচের সমাপনী কুচকাওয়াজ-শপথ গ্রহণ

আপডেট : ১২ জানুয়ারি ২০১৬, ১৩:০৩
নীলফামারীর সৈয়দপুর সেনানিবাসে ২০১৫ রিক্রুট ব্যাচের ১ বছর মেয়াদী প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজ ও শপথ গ্রহণ প্যারেড মঙ্গলবার সকাল ৯টায় অনুষ্ঠিত হয়েছে। ইএমই সেন্টার অ্যান্ড স্কুল সৈয়দপুর সেনানিবাসের শহীদ নুরুল আবছার প্যারেড গ্রাউন্ডে এই মনোজ্ঞ কুচকাওয়াজ অনুষ্ঠিত হয়।
 
অনুষ্ঠানে কুচকাওয়াজ ও অভিবাদন গ্রহণ করেন ৬৬ পদাতিক ডিভিশনের জিওসি ও রংপুর এরিয়া কমান্ডার মেজর জেনারেল মো. মাসুদ রাজ্জাক, এনডিসি, এএফডব্লিউসি, পিএসসি। শপথ বাক্য পাঠ করান ক্যাপ্টেন নাজমুন নাহার। 
 
জিওসি ও এরিয়া কমান্ডার বলেন, যে সকল সদস্য ১৯৭১ সালে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আহ্বানে ও দেশাত্ববোধের চেতনায় উদ্বুদ্ধ হয়ে দেশ রক্ষায় ঝাঁপিয়ে পড়েছিলেন তাদের বীরত্বপূর্ণ অবদানের কথা স্মরণ করতে হবে। নবীন সৈনিকদের দেশেপ্রেমে উদ্বুদ্ধ হয়ে পেশাগত কাজে আত্মনিয়োগ করারও উপদেশ দেন তিনি। IMG0
 
এই রিক্রুট ব্যাচের প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজে মোট ১০৬ জন রিক্রুট শপথ গ্রহণ করেন। এরমধ্যে ৭৬ জন পুরুষ ও ৩০ জন নারী সৈনিক রয়েছে। সর্ববিষয়ে সর্বশ্রেষ্ঠ রিক্রুট হওয়ায় কনক কুমারকে ( রিক্রুট নং- ২৩০৭৬) পুরস্কৃত করা হয়। অনুষ্ঠানে সামরিক-বেসামরিক উচ্চ পদস্থ কর্মকর্তা, সৈনিকদের অভিভাবকসহ সাংবাদিকরা উপস্থিত ছিলেন।