জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০০৯-১০ শিক্ষাবর্ষে নিয়মিত মাস্টার্স ভর্তিতে আগের নিয়ম বহাল রেখে ভর্তি নিশ্চয়তার দাবিতে বিক্ষোভ করেছে শিক্ষার্থীরা। এক পর্যায়ে শিক্ষার্থীদের সঙ্গে বিশ্ববিদ্যায়ের নিরাপত্তাকর্মী আনসার সদস্যদের ধ্বস্তাধ্বস্তির ঘটনা ঘটে।
মঙ্গলবার সকাল ১১টার দিকে জাতীয় বিশ্ববিদ্যালয় অধিভুক্ত কলেজের শিক্ষার্থীরা জাতীয় বিশ্ববিদ্যালয়ের সামনে জড়ো হয়ে বিক্ষোভ শুরু করে। সাড়ে ১১টার দিকে বিশ্ববিদ্যালয়ের ভিসি প্রফেসর ড. হারুন অর রশীদ নিজ গাড়িযোগে বিশ্ববিদ্যালয় থেকে বের হওয়ার সময় বিশ্ববিদ্যালরে মূল ফটকের সামনে শিক্ষার্থীরা তার গাড়ির গতিরোধ করে। এসময় তাদের দাবি মেনে নেয়ার জন্য শ্লোগান দিতে থাকে। কেউ কেউ ভিসির গাড়ির সামনে শুয়ে পড়ে।
এক পর্যায়ে ভিসি গাড়ি থেকে নেমে শিক্ষার্থীদের বলেন, ছাত্রদের যে কোনো সমস্যা সমাধানের জন্য সর্বাত্মকভাবে সব সময় চেষ্টা করি। এর জন্য অবরোধের প্রয়োজন নেই, বসে থাকার প্রয়োজন নেই। এখানে আসারও প্রয়োজন নেই। তিনি ১৭ জানুয়ারি শিক্ষার্থীদের ৫ জন প্রতিনিধির সঙ্গে আলোচনা করে সমস্যা শুনে তা সমাধান করার কথা বলেন।
এক পর্যায়ে ভিসি তার গাড়িতে উঠে চলে যেতে চাইলে শিক্ষার্থীরা ফের তার গাড়িকে ঘিরে রাখার চেষ্টা করে। এ সময় বিশ্ববিদ্যালয়ের আনসার সদস্যরা শিক্ষার্থীদের সরাতে গেলে শিক্ষার্থীদের সঙ্গে আনসার সদস্যদের ধ্বস্তাধ্বস্তি হয়। এ সময় ভিসি ঢাকার দিকে চলে যান। একপর্যায়ে উত্তেজিত শিক্ষার্থীরা গেইটের বাইরে থেকে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভিতরে ইটপাটকেল নিক্ষেপ করে।
খবর পেয়ে জয়দেবপুর থানা পুলিশ ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে।
