রাজশাহীতে পাঁচ দিনব্যাপী এসএমই পণ্য মেলা শুরু বুধবার

আপডেট : ১২ জানুয়ারি ২০১৬, ১৬:৪৫

রাজশাহী নগরভবন গ্রিনপ্লাজায় পাঁচ দিনব্যাপী আঞ্চলিক এসএমই পণ্য মেলা বুধবার থেকে শুরু হচ্ছে। এদিন সকাল ১১টায় প্রধান অতিথি হিসেবে মেলার উদ্বোধন করবেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম।

 

এর আগে সকাল ১০টার দিকে রাজশাহী কলেজিয়েট স্কুলের সামনে থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের হয়ে নগরভবন গ্রিনপ্লাজায় গিয়ে শেষ হবে। প্রতিদিন বেলা ১০টা থেকে রাত ৯টা পর্যন্ত চলমান মেলায় কোনো প্রবেশ মূল্য রাখা হয়নি। প্রতিদিন বিকেলে দর্শকদের জন্য মেলাপ্রাঙ্গনে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান থাকবে।

 

মঙ্গলবার বেলা ১১টার দিকে নগরীর একটি রেস্টুরেন্টে সংবাদ সম্মেলনে আয়োজকরা এ তথ্য জানান। এতে লিখিত বক্তব্য পাঠ করেন এসএমই ফাউন্ডেশনের ব্যবস্থাপনা পরিচালক ফাহিম বিন আসমাত। সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন মেলা কমিটির সদস্য সচিব প্রকৌশলী আজহারুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) আতাউল গনি ও তথ্য অধিদপ্তরের রাজশাহীর উপ-পরিচালক শামসুজ্জামান।

 

রাজশাহীর জেলা প্রশাসক মো. মেজবাহ উদ্দিন চৌধুরীর সভাপতিত্বে মেলার উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি থাকবেন রাজশাহী সদরের সংসদ সদস্য ফজলে হোসেন বাদশা, রাজশাহী চেম্বার অব কমার্সের সভাপতি মো. মনিরুজ্জামান, অতিরিক্ত বিভাগীয় কমিশনার মো. মুনির হোসেন। মেলায় রাজশাহী অঞ্চলের এসএমই উদ্যোক্তাদের ৩৫টি স্টল থাকছে।