স্থূলতার সঙ্গে ক্যান্সারে আক্রান্ত হওয়ার ঝুঁকি বেড়ে যাওয়ার সম্পর্ক রয়েছে। যুক্তরাজ্যের একটি গবেষণা প্রতিবেদনে বলা হয়েছে, আগামী দিনগুলোতে শুধুমাত্র স্থূলতার কারণে বাড়তি অনেক মানুষ ক্যান্সারে আক্রান্ত হতে পারেন।
ব্রিটিশ ক্যান্সার গবেষণা ও হেলথ ফোরামের প্রতিবেদনে বলা হয়, আগামী ২০ বছরের মধ্যে শুধুমাত্র স্থূলতা এবং অতিরিক্ত ওজনের কারণে বাড়তি ৬ লাখ ৭০ হাজার মানুষ ক্যান্সারে আক্রান্ত হবেন। আর বর্তমান ধারা অব্যাহত থাকলে ২০৩৫ সাল নাগাদ যুক্তরাজ্যে প্রতি চারজন প্রাপ্তবয়স্ক মানুষের মধ্যে প্রায় তিনজনের অতিরিক্ত ওজন থাকবে বা তারা স্থূলতায় ভুগবে। রাত ৯টার আগে টেলিভিশনে সুনির্দিষ্ট কিছু খাবারের বিজ্ঞাপন দেয়া বন্ধ রাখা উচিৎ বলেও প্রতিবেদনে পরামর্শ দেয়া হয়।
যুক্তরাজ্যের স্বাস্থ্য কর্মকর্তরা বলেন, শিশুদের স্থূলতা নিয়ন্ত্রণে তারা প্রতিশ্রুতিবদ্ধ।
সম্প্রতি বেশ কিছু গবেষণায় দেখা গেছে, স্থূলতার সঙ্গে খাদ্যনালী, গর্ভ ও পিত্তথলির ক্যান্সারসহ আরও বেশ কয়েক ধরনের ক্যান্সারের সরাসরি সম্পর্ক রয়েছে। এছাড়া দীর্ঘদিন ধরে অতিরিক্ত ওজন ডায়াবেটিস ও হৃদরোগেরও ঝুঁকি বাড়ায়। এই প্রতিবেদনটি তৈরির সময় গবেষকরা কম্পিউটার মডেলিং ব্যবস্থার মাধ্যমে অতীতের সঙ্গে বর্তমান স্বাস্থ্য তথ্য তুলনা করে আগামী ২০ বছরে স্থূলতার কারণে শরীরে কি ধরনের প্রভাব পড়তে পারে সেই বিষয়ে ধারণা করেন।
প্রতিবেদনে বলা হয়, ২০৩৫ সাল নাগাদ অতিরিক্ত ওজনের কারণে বাড়তি প্রায় ৪৬ লাখ মানুষ টাইপ-২ ডায়াবেটিস এবং ১৬ লাখ মানুষ হৃদরোগে আক্রান্ত হবে।
