মেঘনা নদীতে অবৈধভাবে বালু উত্তোলন, ড্রেজারসহ আটক ৫

আপডেট : ১২ জানুয়ারি ২০১৬, ২০:০৮
নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলা ঘেঁষা মেঘনা নদীতে অবৈধভাবে বালু উত্তোলনের সময় ড্রেজারসহ পাঁচজনকে আটক করেছে পুলিশ।
 
মঙ্গলবার বিকেলে মেঘনা নদীর চর রমজান সোনাউল্লা বালু মহালের ভাটিবন্দর এলাকা থেকে তাদের আটক করা হয়। এ ঘটনায় সন্ধ্যায় মামলা হয়েছে।
 
পুলিশ জানায়, মঙ্গলবার সোনারগাঁওয়ে মেঘনা নদীর চর রমজান সোনাউল্লাহ বালু মহালের ভাটিবন্দর এলাকায় আল আমিন নামে একটি ড্রেজার বালু মহালের সীমানা অতিক্রম করে ভাটিবন্দর গ্রামে একটি কোম্পানির জমি ঘেঁষে অবৈধভাবে বালু উত্তোলন করছিল। এ সময় ওই কোম্পানির ঊর্ধ্বতন কর্মকর্তারা কোম্পানির জমি পরিদর্শনে এসে বিষয়টি দেখতে পেয়ে পুলিশে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে আল আমিন নামের একটি ড্রেজারসহ মোমিন মিয়া, রুবেল, কবির হোসেন, বাবুল শেখ ও নজরুল ইসলাম নামে পাঁচজনকে গ্রেফতার করে। এ ঘটনায় কোম্পানির প্রধান প্রশাসনিক কর্মকর্তা মেজর (অব) রশিদ সিদ্দিকী বাদী হয়ে মামলা করেন।
 
সোনারগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ মো. মঞ্জুর কাদের পিপিএম তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।