গুরুদাসপুরে সংঘর্ষে আহত ১০

আপডেট : ১২ জানুয়ারি ২০১৬, ২২:২৬
নাটোরের গুরুদাসপুর উপজেলায় আধিপত্য বিস্তার ও নারী ঘটিত বিষয় নিয়ে দুইপক্ষের প্রায় ঘণ্টাব্যাপী সংঘর্ষে চারজন ফলাবিদ্ধসহ অনন্ত ১০ জন আহত হয়েছেন। এদের মধ্যে একজন পথচারী রয়েছে।
 
মঙ্গলবার সন্ধ্যায় উপজেলার নয়বাজার গ্রামে ধারাবারিষা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা আব্দুল মজিদের সঙ্গে উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মন্ডল মেহেদী হাসানের লোকলস্করদের মধ্যে এ সংঘর্ষ হয়। এ সময় বাড়িঘর ভাঙচুরের ঘটনাও ঘটেছে। ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। তবে এ ঘটনায় এখন পর্যন্ত কেউ আটক হয়নি।
 
সংঘর্ষে মজিদের ছেলে হীরা (৩৫) ফলাবিদ্ধ ও সমর্থক নূর আলী (৩৮) মাথায় আঘাতপ্রাপ্ত হলেও ছাত্রলীগ নেতা হাসানের সমর্থক শেরু (৪৮) নাসির (৩২) মোশারফ হোসেন (৩০) ও পথচারী ডিশলাইনের (কেবল) লাইনম্যান মিন্টু (৩৫) ফলাবিদ্ধ হয়েছেন। নূর আলী ছাড়া সকলকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
 
গুরুদাসপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইব্রাহিম হোসেন তথ্যের সত্যতা নিশ্চিত করে বলেন, ‘ঘটনাস্থলে গুলিবিদ্ধ কাউকে পাওয়া যায়নি। এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।’