বঙ্গোপসাগরে বাংলাদেশের জলসীমায় অবৈধ অনুপ্রবেশ ও মাছ শিকারের অভিযোগে বিভিন্ন সময়ে নৌবাহিনীর হাতে আটক ভারতীয় ১৭৮ জেলে বাগেরহাট কারাগার থেকে মুক্তি পেয়েছে। মঙ্গলবার দুপুরে তাদের মুক্তি দেয়া হয় বলে বাগেরহাট জেল সুপার গোলাম দস্তগীর জানান। বুধবার এই জেলেদের ভারতে পুশব্যাক করা হবে।
মুক্তি পাওয়া এসব জেলের বাড়ি ভারতের পশ্চিমবঙ্গের দক্ষিণ চব্বিশ পরগনা জেলার বিভিন্ন এলাকায়। ভারত সরকারের অনুরোধে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশে আটক এসব ভারতীয় জেলেকে পুশব্যাক করা হচ্ছে বলে জানা গেছে।
মংলা থানার ওসি শেখ লুৎফর রহমান জানান, বাগেরহাট কারা কর্তৃপক্ষ মঙ্গলবার দুপুরে ১৭৮ জেলেকে ভারতীয় হাইকমিশনের প্রতিনিধির কাছে হস্তান্তর করেছে। কারাগার থেকে মুক্ত এসব ভারতীয় জেলেদের পুশব্যাকের জন্য মংলা থানায় আনা হয়।
