ভূঞাপুরে আ’লীগ নেতার বাড়িতে আগুন

আপডেট : ১৩ জানুয়ারি ২০১৬, ১৩:৪৪
টাঙ্গাইলের ভূঞাপুরে সংখ্যালঘু আওয়ামী লীগ নেতার বাড়িতে অগ্নিকাণ্ড ঘটিয়েছে দুর্বৃত্তরা। আগুনে পুড়ে আনুমানিক ২০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা গেছে। মঙ্গলবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
 
জানা যায়, উপজেলার হিন্দু অধ্যুষিত ফলদা ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি ও উপজেলা হিন্দু বৈদ্য খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি স্বরণ দত্তের বাড়িতে কেউ না থাকার সুযোগে রাত সাড়ে ১২টার দিকে একদল দুর্বৃত্ত আগুন লাগিয়ে পালিয়ে যায়। এ সময় থাকার ঘর, নগদ টাকা, স্বর্ণালঙ্কারসহ আসবাবপত্র পুড়ে যায়। 
 
স্থানীয় হিন্দু সম্প্রদায়ের নেতারা দাবি করেছেন, এর আগেও ফলদার প্রাচীন কালী মন্দিরে অগ্নিসংযোগ, ভাংচুর ও হিন্দু সম্প্রদায়ের বাড়ি-ঘরে আগুন দেয়ার ঘটনা ঘটে। এ ঘটনাটিকে তারা পূর্বের ঘটনার পূনঃরাবৃত্তি বলে দাবি করেছেন তিনি।
 
মঙ্গলবার সকালে ঘটনা জানা জানি হওয়ার পরই জেলা প্রশাসক মোহাম্মদ মাহবুব হোসেন, গোপালপুর সার্কেলের সহকারী পুলিশ সুপার মোহাম্মদ আসলাম হোসেন, উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ আবদুল আওয়াল, সহকারী কমিশনার (ভূমি) অঞ্জন কুমার সরকার, থানার অফিসার ইনচার্জ (ওসি) ফজলুল কবিরসহ জেলা ও স্থানীয় আওয়ামী লীগের নেতাকর্মীরা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। পরে জেলা প্রশাসক ক্ষতিগ্রস্থ পরিবারকে নগদ এক লক্ষ টাকা অনুদান প্রদান করেন। 
 
পরিদর্শন শেষে জেলা প্রশাসক মোহাম্মদ মাহবুব হোসেন জানান, ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেফতারে পুলিশকে নির্দেশ দেয়া হয়েছে। ফলদা প্রাচীন কালি মন্দিরে জেলা প্রশাসনের পক্ষ থেকে নিরাপত্তার ব্যবস্থা করাসহ মন্দির এলাকায় সিসি ক্যামেরা স্থাপন করা হবে।
 
এদিকে এ ঘটনায় জড়িতদের দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে বিক্ষোভ ও সমাবেশ করেছে স্থানীয় হিন্দু সম্প্রদায়ের লোকজন।
 
ভূঞাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) ফজলুল কবির জানান, ঘটনা সঙ্গে জড়িতদের গ্রেফতারে অভিযান চলছে। দ্রুত তাদের আইনের আওতায় আনা হবে।