সাতক্ষীরা প্রেসক্লাবে সংবাদ সম্মেলেনে অভিযোগ

চাঁদা না দিলে জামায়াত-শিবিরের নেতা বানিয়ে হয়রানি

আপডেট : ১৩ জানুয়ারি ২০১৬, ১৬:১২
 
সম্প্রতি পত্রিকায় প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানিয়ে নিজেকে শিবিরের রাজনীতির সঙ্গে জড়িত নন বলে দাবি করেছেন বঙ্গবন্ধু স্মৃতি সংসদের সদর উপজেলা শাখার প্রচার সম্পাদক জামির হোসেন। বুধবার দুপুরে সাতক্ষীরা প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করে তিনি পত্রিকায় প্রকাশিত ওই তথ্য মিথ্যা বলে দাবি করেছেন।
 
সাতক্ষীরা সদর উপজেলার কাথন্ডা গ্রামের বাসিন্দা ও বঙ্গবন্ধু স্মৃতি সংসদের সদর উপজেলা শাখার প্রচার সম্পাদক জামির হোসেন জানান, তিনিসহ স্থানীয় অনেকেই ভারত থেকে গরু এনে ব্যবসা করেন। তিনি অভিযোগ করেন 'সীমান্তের ত্রাস' আসাদুজ্জামান অসলে 'প্রশাসনকে ম্যানেজ করা'র নামে প্রত্যেক গরু প্রতি আড়াই থেকে তিন হাজার টাকা করে চাঁদা তোলেন। চাঁদা না দিলে ও তার কথামতো না চললে তিনি ও তার ছেলে ইনজামূল ষড়যন্ত্র করে তাকেসহ (জামির হোসেন) দলীয় অন্যান্য নেতা-কর্মীদের জামায়াত-শিবিরের নেতা বানিয়ে অপপ্রচারনা চালান। এ সময় জামির অভিযোগ করেন, নিজেরাই অর্থের বিনিময়ে জামায়াত-শিবিরের নেতা-কর্মীদের আশ্রয়-প্রশ্রয় দিয়ে লালন করেন। সীমান্তের গডফাদার আসাদুজ্জামান অসলে এভাবেই কোটিপতি বনে গেছেন।
 
সংবাদ সম্মেলনে তিনি সীমান্তের গডফাদার আসাদুজ্জামান অসলের বিরুদ্ধে তদন্ত পূর্বক শাস্তির দাবি জানান। এ সময় বঙ্গবন্ধু স্মৃতি সংসদ সদর উপজেলা শাখার অর্ধশতাধীক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।