পৌষের শেষ বিকেলে বুধবার অনুষ্ঠিত হল ফুলবাড়ীয়ার ঐতিহ্যবাহী হুমগুটি খেলা।
পৌষ মাসের শেষ দিনকে ময়মনসিংহের ফুলবাড়ীয়া উপজেলায় আঞ্চলিক ভাষায় বলা হয় পুহুরা। এই দিনেই যুগ যুগ ধরে অনুষ্ঠিত হচ্ছে হুমগুটি খেলা। হুমগুটি হচ্ছে ৪০ কেজি ওজনের একটি পিতলের তৈরি গোলাকার বল। এ গোলাকার বল নিয়ে হাজারো মানুষ কাড়াকাড়ি করে। এ সময় সকলের মুখে উচ্চারিত হয় ‘জিতই আবা দিয়া গুটি ধররে হেইও...’। উত্তর দক্ষিণ পূর্ব ও পশ্চিম ভাগবাটোয়ারা করে খেলা শুরু হলেও পরে আর কোন দিক থাকে না।
বুধবার বিকাল ৩টার দিকে লক্ষ্মীপুরের বড়ইআটা নামক স্থানে স্থানীয় হুমগুটি স্মৃতি সংসদের উপদেষ্টা জেলা যুবলীগ সাধারণ সম্পাদক আব্দুল কদ্দুছ, সভাপতি আবু বক্কর সিদ্দিক, স্থানীয় ইউপি চেয়ারম্যান তাজুল ইসলাম বাবলু খেলার উদ্বোধন করেন।
