ইত্তেফাক ডেস্ক
বেতন বৈষম্য নিরসন করে ১১তম গ্রেড প্রদানের দাবিতে সোমবার দেশের বিভিন্ন স্থানে মানববন্ধন করেছেন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকরা। আমাদের প্রতিনিধি ও সংবাদদাতাদের পাঠানো খবর:
শেরপুর (বগুড়া): “দাবি মোদের একটাই ১১তম গ্রেড চাই, বেতন বৈষম্য নিরসন চাই, নির্বাচনী ইশতেহারের বাস্তবায়ন চাই, সহকারী প্রধান শিক্ষকের প্রয়োজন নাই’’ এ রকম বিভিন্ন স্লোগান সংবলিত ব্যানার-ফেস্টুন নিয়ে মানববন্ধন করেছেন শেরপুর উপজেলার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকরা। শেরপুর উপজেলা শিক্ষা অফিসের সামনে তারা কর্মসূচি পালন করেন।
মানববন্ধন শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তার মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান করা হয়। এ সময় বক্তব্য রাখেন, সহকারী শিক্ষকদের প্রতিনিধি মো. ছায়েদুজ্জামান, মো. এনামুল হক, দোলন মোহন্ত প্রমুখ।
সোনাতলা (বগুড়া): সোনাতলা উপজেলা পরিষদ চত্বরে প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকরা মানববন্ধন পালন করেন। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. শফিকুর আলমের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান করেন শিক্ষকরা। উপজেলা শিক্ষা অফিসার মোছা. ফেরদৌসী বেগম এ সময় উপস্থিত ছিলেন। মানববন্ধন চলাকালে বক্তব্য দেন, সহকারী শিক্ষক গোলাম রব্বানী, শেখ মোহাম্মদ বাদশা মিয়া, নিপুন মোহন্ত প্রমুখ।
বিভিন্ন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকরা কর্মসূচিতে স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।
মুলাদী (বরিশাল) : উপজেলার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকরা উপজেলা শিক্ষা অফিস চত্বরে মানববন্ধনে অংশ নেন। এ সময় উপস্থিত ছিলেন সহকারী শিক্ষকদের ১১তম গ্রেডে বেতন-ভাতা দাবি আদায় আন্দোলনের মুলাদী উপজেলা আহ্বায়ক আমেনা খানম মুনমুন, সহকারী শিক্ষক সাইফুল ইসলাম মাসুম, জসিম উদ্দীন, সফিকুল ইসলাম প্রমুখ।
