মিশরের পিরামিড এখন সোনারগাঁওয়ে !

আপডেট : ১৩ জানুয়ারি ২০১৬, ২১:৫১
পৃথিবীর সপ্ত আশ্চর্যের অন্যতম ভালবাসার নিদর্শণ আগ্রার তাজ মহলের আদলে নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলার পেরবো গ্রামে বাংলার তাজমহল নির্মাণের পর এবার আরেকটি সপ্ত আশ্চর্যরে নিদর্শন মিশরের পিরামিডের ন্যায় র‌্যাপ্লিকা নির্মাণ করা হয়েছে।
 
বুধবার বিকেলে চলচ্চিত্রকার ও মুক্তিযোদ্ধা আহসান উল্লাহ মনি এ পিরামিডের উদ্বোধন করেন। একই সময় উদ্বোধন করা হয় রাজমনি ফিল্ম সিটি, ফিল্ম জাদুঘর ও ডিজিটাল সিনেমাহল। শুক্রবার থেকে ৫০ টাকা টিকিটের বিনিময়ে দর্শনার্থীদের জন্য এটি উন্মুক্ত করে দেয়া হবে।
IMG0
জানা গেছে, মুক্তিযোদ্ধা আহসান উল্লাহ মনি সোনারগাঁও উপজেলার প্রত্যন্ত অঞ্চল পেরবো গ্রামে আগ্রার তাজমহলের আদলে বাংলার তাজমহল নির্মাণ করে দেশ-বিদেশে বেশ আলোচিত হন। এ তাজমহল দেখতে প্রতিদিন হাজার হাজার দর্শণার্থী ভিড় করেন। ওই তাজমহলের পাশেই এবার সপ্ত আশ্চর্য নিদর্শণ মিশরের পিরামিডের আদলে রাজমনি পিরামিড নির্মাণ ও এর ভেতরে ৮টি মমি স্থাপন করেছেন আহসান উল্লাহ মনি। এ সময় আহসান উল্লাহ মনি তার পরিচালনায় ‘ভালবাসার তাজমহল’ সিনেমাটি প্রদর্শন করে ‘ভাওয়াল রাজার সতী স্ত্রী’ ছবিটির উদ্বোধন করেন।
 
উদ্বোধনী অনুষ্ঠানের বক্তব্য রাখেন প্রতিষ্ঠাতা চলচ্চিত্রকার আহসান উল্লাহ মনি, সোনারগাঁ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক অসিত কুমার দাস, সাংবাদিক আল আমিন তুষার, সাংবাদিক আসাদুজ্জামান নুর।
 
এ ব্যাপারে চলচ্চিত্রকার আহসান উল্লাহ মনি জানান, পৃথিবীতে এমন সব ঐতিহ্য রয়েছে যা সকলের পক্ষে দেখা সম্ভব নয়। ওই সকল ঐতিহ্যকে দেখানো, বোঝানো ও এ থেকে শিক্ষা নেয়ার জন্যই একের পর এক র‌্যাপ্লিকা নির্মাণ করা হচ্ছে। তিনি আরো বলেন, ঢাকার ফিল্ম ইন্ডাস্ট্রি বন্ধ হয়ে যাচ্ছে। এখন থেকে রাজমনি ফিল্ম সিটিতেই চলচ্চিত্র নির্মাণ কাজ চলবে। ভবিষ্যতে এ প্রকল্পের আওতায় পাঁচতারা মানের হোটেল নির্মাণ করা হবে।