কেন্দুয়ায় অটোরিকশা চাপায় শিশুর মৃত্যু

আপডেট : ১৪ জানুয়ারি ২০১৬, ১২:৫৭
নেত্রকোনার কেন্দুয়া উপজেলায় অটোরিকশা চাপায় জনি আক্তার (৬) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। নিহত শিশুটি উপজেলার মাসকা ইউনিয়নের আউজিয়া গ্রামের আব্দুল ওয়াদুদের মেয়ে। বৃহস্পতিবার সকালে কেন্দুয়া-আঠারবাড়ি সড়কের কাঁঠালতলা মোড় নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।
 
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার সকাল সাড়ে আটটার দিকে শিশু জনি আক্তার গ্রামের পাশের কেন্দুয়া-আঠারবাড়ি সড়কের কাঁঠালতলা মোড়ে খেলা করছিল। এ সময় যাত্রীবাহী একটি অটোরিকশা শিশুটিকে চাপা দিলে সে মারাত্মক আহত হয়। পরে আহত শিশু জনিকে স্থানীয়রা উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। 
       
এ ব্যাপারে কেন্দুয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) অভিরঞ্জন দেব জানান, শিশুটির লাশ ময়নাতদন্তের জন্য নেত্রকোনা মর্গে পাঠানো হয়েছে। অভিযোগের ভিত্তিতে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।