ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তায় চালানো গুলি ও বোমা হামলার পেছনে ইসলামিক স্টেটের (আইএস) জড়িত থাকার কোনো ইঙ্গিত পাওয়া যায়নি। বৃহস্পতিবার ওই হামলা চালানোর কিছুক্ষণ পর বার্তা সংস্থা রয়টার্সকে এ কথা বলেছেন দেশটির জাতীয় গোয়েন্দা সংস্থার প্রধান সুতিয়োসো।
তিনি বলেন, এটি অবশ্যই সন্ত্রাসী হামলা, তবে এই হামলার সঙ্গে আইএস জড়িত এমন কোনো ইঙ্গিত এখনও পাওয়া যায়নি। বৃহস্পতিবার সকালে জাকার্তার কেন্দ্রস্থলে প্রেসিডেন্ট প্রাসাদ, জাতিসংঘ কার্যালয়ের কাছে এবং সারিনা শপিং মলের বাইরে একের পর এক বিস্ফোরণের শব্দ পাওয়া যায়।
ওই এলাকায় পরপর অন্তত ছয়টি বিস্ফোরণ ঘটানো হয় বলে প্রত্যক্ষদর্শীরা জানান। এতে শেষ খবর পাওয়া পর্যন্ত অন্তত ছয়জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে তিনজন পুলিশ সদস্য, বাকি তিনজন বেসামরিক নাগরিক বলে জানিয়েছেন জাকার্তা পুলিশের মুখপাত্র অ্যান্টন শার্লিয়ান। রয়টার্স।
