কুমিল্লায় বাসচাপায় মা-ছেলে নিহত

আপডেট : ১৪ জানুয়ারি ২০১৬, ১৫:০৫
 
কুমিল্লার সদর দক্ষিণ উপজেলায় বাসচাপায় মা ও তার ছেলে নিহত হয়েছেন। এই দুর্ঘটনায় আরো পাঁচজন আহত হয়েছেন। বৃহস্পতিবার দুপুর সোয়া ১২টার দিকে কুমিল্লা-নোয়াখালী আঞ্চলিক সড়কের শ্রীনিবাস নামক এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
 
লালমাই পুলিশ ফাঁড়ির ইনচার্জ লুত্ফর রহমান জানান, কুমিল্লাগামী দোয়েল পরিবহনের একটি বাস ও লালমাইগামী একটি সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে অটোরিকশার এক নারীযাত্রী নিহত হন। এসময় ঐ নারীর ছেলে শিশুসহ অটোরিকশার আরো ছয়যাত্রী আহত হন। তাদেরকে উদ্ধার করে কুমিল্লা জেনারেল (সদর) হাসপাতালে আনার পর শিশুটি মারা যায়।
 
কুমিল্লা জেনারেল (সদর) হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. সালাউদ্দিন মাহমুদ জানান, আহত ছয়জনকে কুমিল্লা জেনারেল হাসপাতালে আনা হলে আড়াই বছরের এক শিশু মারা যায়। বাকি পাঁচজনকে আশঙ্কাজনক অবস্থায় কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।