দৌলতপুরে আওয়ামী লীগের দুই গ্রুপে সংঘর্ষ, আহত ১০

আপডেট : ১৪ জানুয়ারি ২০১৬, ১৫:১৪
 
কুষ্টিয়ার দৌলতপুরে আওয়ামী লীগের দুই গ্রুপে ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘর্ষে ১০জন আহত হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ ৫ রাউন্ড ফাঁকা গুলিবর্ষণ করে। এছাড়া ঘটনাস্থল থেকে চারজনকে আটক করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে এই ঘটনা ঘটে।
 
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, উপজেলা পরিষদ বাজারে প্রভাব বিস্তারকে কেন্দ্র করে দুপুর ১২টার দিকে সংসদ সদস্য রেজাউল হক চৌধুরীর ভাই টোকেন চৌধুরীর ক্যাডারবাহিনী ও স্থানীয় আওয়ামী লীগ নেতা আঃ কাদের গ্রুপের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘর্ষ হয়। এসময় নিয়াত আলী (৪৫) আঃ কাদের (৪২) উজ্জলসহ (৩২) ১০ জন আহত হয়েছে। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পাঁচ রাউন্ড ফাঁকা গুলিবর্ষণ করে। ঘটনাস্থল থেকে নিয়াত আলী, লিটন, মঈদুল ও জলিমুদ্দিনুকে আটক করেছে পুলিশ।
 
দৌলতপুর থানার ওসি আমিনুল ইসলাম জানান, পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে সেখানে পুলিশ মোতায়েন করা হয়েছে।