নবাবগঞ্জে অপহরণকালে সাতজন আটক, মাদরাসা ছাত্রী উদ্ধার-মাইক্রোবাস জব্দ

আপডেট : ১৪ জানুয়ারি ২০১৬, ১৭:৩০
দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলায় এক মাদরাসা ছাত্রীকে উদ্ধার করেছে পুলিশ। এ সময় সাত অপহরণকারীকে আটক করা হয়েছে। এরা হলেন, বিরামপুর উপজেলার বিজুল গ্রামের ফারুক হোসেন (২৭), ও নুরনবী (২২), মির্জাপুর গ্রামের রায়হান কবীর (২৭), রংপুরের শালবন (মিস্ত্রিপাড়া) রাসেল (২৭) ও লিটন মিয়া (৩০), মিঠাপুকুর উপজেলার শুকরের হাট মাহমুদেরপাড়ার ছোটন (২৬) ও রংপুরের কামারপাড়ার কৌসিক মিয়া (২৮)।
 
জানা গেছে, বৃহস্পতিবার সকাল ১১ টায় পার্শ্ববর্তী বিরামপুর উপজেলার বিজুল গ্রামের ওই মাদরাসা ছাত্রী (১৬) বাড়ি থেকে বিরামপুর কোচিং সেন্টারে যাচ্ছিল।  এ সময় একই এলাকার ফারুক হোসেন কয়েকজন সহযোগীকে নিয়ে বিজুল হাইস্কুলের কাছ থেকে জোর করে তাকে মাইক্রোবাসে তুলে নিয়ে যায়।  এ ঘটনা থানায় জানালে পুলিশ ফোর্স তাদের পিছু নেয়।  পিছনে পুলিশের উপস্থিতি টের পেয়ে অপহরণকারীরা দিক পরিবর্তন করতে থাকে। এক সময় উপজেলার পুটিমারা ইউনিয়নের পরানদিঘি গ্রামে রাস্তার শেষ মাথায় গ্রামবাসীর হাতে আটক হন তারা। এ সময় জনতা তাদের গণধোলাই দেয়। পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে বিক্ষুব্ধ জনতার হাত থেকে অপহরণকারীদের উদ্ধার করে।  এবং তাদের আটক করে থানায় নিয়ে যায়।  এ সময় অপহরণ কাজে ব্যবহৃত মাইক্রোবাসটিও জব্দ করে পুলিশ।
 
নবাবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইসমাইল হোসেন তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।