‘পার্বত্য চুক্তি কার্যকরে পৃথক আইন-জাতীয় কমিশন গঠন দরকার’

আপডেট : ১৪ জানুয়ারি ২০১৬, ১৭:২৪
পার্বত্য চট্টগ্রাম চুক্তি কার্যকর করতে পাহাড়ের ক্ষুদ্র জাতিসত্তার জন্য একটি পৃথক আইন ও জাতীয় কমিশন গঠন করা দরকার বলে মন্তব্য করেছেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু।
 
বৃহস্পতিবার রাঙ্গামাটিতে পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের ৪০ বছর পূর্তি উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে তথ্যমন্ত্রী এ মন্তব্য করেন।
 
তিনি বলেন, ‘পার্বত্য চট্টগ্রাম চুক্তি একটি রাষ্ট্রীয় চুক্তি, এ চুক্তিতে কোনো সরকার অতীতে হাত দিতে পারেনি, ভবিষ্যতে ও পারবেনা।’
 
এ সময় পার্বত্য চট্টগ্রাম চুক্তি কার্যকর করতে ‘সংলাপের মাধ্যমে সকল প্রকার বিরোধ মেটাতে’ উদ্যোগ নিতে সরকার ও জনসংহতি সমিতির প্রতি আহ্বান জানান মন্ত্রী।
 
উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান নব বিক্রম কিশোর ত্রিপুরার সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী বীর বাহাদুর এমপি, পার্বত্য মন্ত্রণালয়ের সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি র আ ম উবায়দুল মোক্তাদির চৌধুরী এমপি, খাগড়াছড়ি সংসদ সদস্য কুজেন্দ্র লাল ত্রিপুরা, রাঙ্গামাটি মহিলা সংসদ সদস্য ফিরোজা বেগম চিনু, খাড়গাছড়ি জেলা পরিষদ চেয়ারম্যান কংজরি চৌধুরী, রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান বৃষ কেতু চাকমা ও রাঙ্গামাটি রিজিয়ন কমান্ডার মো. সানাউল হক পিএসসি বক্তব্য রাখেন।
 
তথ্যমন্ত্রী বলেন, ‘খালেদা জিয়া ও তার মদদপুষ্ট জঙ্গিবাদি সাম্প্রদায়িক গোষ্ঠীরা পার্বত্য চুক্তিকে বানচাল করতে চায়। তারা পাহাড়ে সাম্প্রদায়িক সংঘাত সৃষ্টির ষড়যন্ত্রে লিপ্ত। ’
এ সময় সাম্প্রদায়িক এ শক্তিকে রুখতে শেখ হাসিনার সরকারকে সহযোগিতা দিয়ে পার্বত্য চুক্তির পক্ষে পাহাড়ি সম্প্রদায়সহ ঐক্যবদ্ধ হয়ে সকলকে কাজ করতে হবে বলে উল্লেখ করেন তিনি।
 
এর আগে পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের ৪০ বছর পূর্তি উপলক্ষে রাঙ্গামাটি শহরে একটি বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়।