গোয়ালন্দ (রাজবাড়ী) সংবাদদাতা
ঘন কুয়াশার কারণে দৌলতদিয়া-পাটুরিয়া নৌ-রুটে মঙ্গলবার ভোর সাড়ে ৪টা থেকে চার ঘণ্টা ফেরি চলাচল বন্ধ রাখে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। এসময় ছোট-বড় ছয়টি ফেরি মাঝনদীতে আটকে থাকে। পরে কুয়াশা কমে গেলে সকাল সাড়ে ৮টা থেকে ফেরি চলাচল শুরু হয়।
এদিকে টানা চার ঘণ্টা ফেরিসার্ভিস বন্ধ থাকায় দৌলতদিয়া ঘাটে ফেরিপারের অপেক্ষায় আটকা পড়ে ঢাকাগামী যাত্রীবাহী বাস, পণ্যবাহী ট্রাকসহ পাঁচ শতাধিক বিভিন্ন গাড়ি। এতে ঘাটের জিরোপয়েন্ট থেকে দৌলতদিয়া-খুলনা মহাসড়কের ইউনিয়ন বোর্ড পর্যন্ত সাড়ে তিন কিলোমিটার রাস্তায় তীব্র যানজট সৃষ্টি হয়। সেখানে ঘণ্টার পর ঘণ্টা আটকে থাকায় যাত্রীরা ভোগান্তি পোহায়।
