শিবির নেতা এনামুল কারাফটকে ফের গ্রেফতার

আপডেট : ১৪ জানুয়ারি ২০১৬, ১৮:৫২
রাষ্ট্রায়ত্ত তেল শোধনাগারে হামলার অন্যতম পরিকল্পনাকারী ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় নেতা এনামুল কবিরকে কারাফটক থেকে আবার গ্রেফতার করেছে পুলিশ। 
 
বৃহস্পতিবার দুপুরে জামিনে ছাড়া পাওয়ার পর কারফটক থেকে তাকে গ্রেফতার করা হয় বলে কোতোয়ালী থানার ওসি জসীম উদ্দিন জানিয়েছেন। এনিয়ে এনামুলকে তৃতীয় দফায় কারাফটক থেকে গ্রেফতার করা হল।
 
ওসি জসীম বলেন, তার বিরুদ্ধে কোনো মামলা আছে কি না তা যাচাই করা হচ্ছে।
 
চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারের কর্মকর্তারা জানান, এনামুলের জামিনের কাগজপত্র কারাগারে আসার পর তা যাচাই বাছাই করে দুপুরে তাকে ছেড়ে দেয়া হয়। তেল শোধনাগার পদ্মা, মেঘনা ও যমুনায় হামলার পরিকল্পনা করার অভিযোগে গত বছরের ২০ ফেব্রুয়ারি বাকলিয়া এলাকা থেকে ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় কমিটির সদস্য ও ঢাকা মহানগর কমিটির মানবসম্পদ বিষয়ক সম্পাদক এনামুল কবিরসহ দুজনকে গ্রেফতার করা হয়।
 
এর আগে গত বছরের ২২ জুলাই ও ১০ ডিসেম্বর দুদফায় জামিনে ছাড়া পাওয়ার তাকে আটক করে পুলিশের ওপর হামলা ও নাশকতার মামলায় গ্রেফতার দেখানো হয়।