হাটহাজারীতে অপহৃত স্কুলছাত্রকে উদ্ধারে মানববন্ধন

আপডেট : ১৪ জানুয়ারি ২০১৬, ২০:৩৪
চট্টগ্রামের হাটহাজারী উপজেলার পার্বতী উচ্চ বিদ্যালয়ের ৭ম শ্রেণির ছাত্র অপহৃত শোয়েব আক্তার আপনকে (১২) উদ্ধার ও অপহরণকারীদের গ্রেফতারপূর্বক দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ হয়েছে।
 
বৃহস্পতিবার দুপুরে ওই স্কুলের সামনে চট্টগ্রাম-রাঙ্গামাটি সড়কে শিক্ষার্থী-শিক্ষক-অভিভাবকসহ স্থানীয় জনগণ এ কর্মসূচিতে অংশ নেয়।
 
সমাবেশ বক্তারা ২৪ ঘণ্টার মধ্যে শোয়েবকে উদ্ধারের সময়সীমা বেঁধে দিয়েছে। অন্যথায় কঠোর কর্মসূচি দেয়া হবে বলে ঘোষণা করা হয়।
 
বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মোহাম্মদ ইলিয়াছের সভাপতিত্বে এতে সাবেক প্রধান শিক্ষক ও সিনিয়র  সাংবাদিক মো. আতাউর রহমান মিয়া, ৮ নং মেখল ইউপি চেয়ারম্যান মো. গিয়াস উদ্দিন ও স্কুল পরিচালনা পর্ষদের সদস্য মাওলানা সৈয়দ মো. জাহাঙ্গীর আলম বক্তব্য রাখেন।
 
অপরদিকে এ ঘটনায় জনৈক দিদারুল আলমকে প্রধান আসামি করে হাটহাজারী মডেল থানায় মামলা হয়েছে। মামলা সূত্রে জানা গেছে, কবিরের সঙ্গে প্রবাসে একই এলাকার গোলাম মোস্তফার আর্থিক লেনদেন নিয়ে বিরোধ ছিল। কবির প্রবাসে থাকার সুযোগে রবিবার সন্ধ্যা ছয়টার দিকে গোলাম মোস্তফার শালা দিদার বহিরাগতদের নিয়ে আপনকে অপহরণ করে।
 
মামলার তদন্তকারী কর্মকর্তা স্বপন কুমার সরকার বলেন, ‘সম্ভাব্য সকল জায়গায় অভিযান পরিচালনা করেও অপহৃত আপন ও মূল হোতা দিদারের সন্ধান পাওয়া যায়নি। তারপরও আমরা অপহৃতকে উদ্ধারে সর্বাত্বক চেষ্টা চালিয়ে যাচ্ছি।’
 
উল্লেখ্য, হাটহাজারী পৌর সভায় মঙ্গলবার সন্ধ্যা পৌনে সাতটার দিকে উপজেলা পরিষদের সামনে মরিয়ম ভবন থেকে শোয়াইব আকতার আপন (১২) নামের ৭ম শ্রেণির ওই স্কুল ছাত্রকে অপহরণ করা হয়। শোয়াইব প্রবাসী  মো. কবির আহম্মদের ছেলে এবং জেলা আয়ামী লীগ নেতা ইউনুচ গনি গ্রুপের অনুসারী উপজেলা ছাত্রলীগ নেতা মো হাসানের ভাগিনা।