পুলিশের সঙ্গে সংঘর্ষে আহত মাদ্রাসা ছাত্রের মৃত্যুর পর ব্রাহ্মণবাড়িয়া শহরজুড়ে সহপাঠীদের তাণ্ডবের ঘটনায় আটটি মামলা হয়েছে।
বৃহস্পতিবার সন্ধ্যা ৭টা পর্যন্ত ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানায় করা ৮ মামলায় অজ্ঞাতপরিচয় অন্তত ৬ হাজার ২০০ জনকে আসামি করা হয়েছে বলে জানান থানার পরিদর্শক (তদন্ত) মো. মফিজুল ইসলাম ভুইয়া। তবে মাদ্রাসা ছাত্র মাসুদুর রহমান নিহত হওয়ার ঘটনায় বৃহস্পতিবার সন্ধ্যা পর্যন্ত কোনো মামলা হয়নি বলে জানান তিনি। এ ছাড়া এসব মামলায় কেউ গ্রেফতার হয়নি বলেও জানান এ পুলিশ কর্মকর্তা।
সোমবার বিকালে শহরের জামিয়া ইসলামিয়া ইউনুছিয়া মাদ্রাসার এক ছাত্র মোবাইল ফোনসেট কেনার জন্য জেলা পরিষদ মার্কেটে গেলে বাকবিতণ্ডার এক পর্যায়ে তাকে চড় মারেন এক দোকানি। এ খবর পেয়ে ওই মাদ্রাসার অর্ধশতাধিক ছাত্র দোকানটি ভাঙচুর করে। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে গেলে শুরু হয় সংঘর্ষ। এতে আহত মাদ্রাসাছাত্র মাসুদুর রহমান মঙ্গলবার ভোরে মারা যান। এরপর মঙ্গলবার সকাল থেকে দুপুর পর্যন্ত শহরজুড়ে তাণ্ডব চালায় মাদ্রাসাছাত্ররা। এতে জেলা আওয়ামী লীগ কার্যালয়ও ভাংচুর করা হয়। ওস্তাদ আলাউদ্দিন খাঁ সংগীতাঙ্গন ভাংচুরের পাশাপাশি সুর সম্রাটের স্মৃতিবিজড়িত বিভিন্ন বাদ্যযন্ত্রও পুড়িয়ে দেয় মাদ্রাসাছাত্ররা। তারা জেলা শিল্পকলা একাডেমি, জেলা মুক্তিযোদ্ধা সংসদ কমপ্লেক্সের ব্যাংক এশিয়া, প্রশিকা মানবিক উন্নয়ন কেন্দ্রেও ভাংচুর চালায়।
