যশোরের অভয়নগর উপজেলায় জমি বিক্রির টাকা চাওয়াকে কেন্দ্র করে ভাইপোর হামলায় চাচা খুন হয়েছেন। নিহত মিন্টু পাটোয়ারী (৩৮) নওয়াপাড়ার গরুহাটখোলা এলাকার বাসিন্দা ও থানা যুবদলের যুগ্ম সম্পাদক।
বৃহস্পতিবার সন্ধ্যায় নওয়াপাড়ার গরুহাটখোলা এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত মিন্টু পাটোয়ারীর মা ফিরোজা বেগম জানান, জমি বিক্রির টাকা নিয়ে দুই ভাই রুহুল আমিন পাটোয়ারী ও মিন্টু পাটোয়ারীর মধ্যে বৃহস্পতিবার সকালে বাকবিতণ্ডা হয়। এরই জের ধরে সন্ধ্যায় মসজিদ থেকে বাড়ি ফেরার পথে মিন্টু পাটোয়ারীর উপর হামলা চালায় রুহুল আমিনের ছেলে আশিকসহ (২২) আর কয়েকজন। তারা মিন্টুকে এলোপাতাড়ি কুপিয়ে মারাত্মক জখম করে। তার চিৎকারে প্রতিবেশীরা এগিয়ে আসলে হামলাকারীরা পালিয়ে যায়। তাকে মুমূর্ষু অবস্থায় অভয়নগর স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করানো হয়। সেখানে অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যু হয়। এ খবর এলাকায় ছড়িয়ে পড়লে বিএনপি নেতা কর্মীদের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে।
অভয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তদন্ত আব্দুর রহিম মোল্যা তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।
