ফুলবাড়ী (কুড়িগ্রাম) সংবাদদাতা
মঙ্গলবার সকালে ফুলবাড়ীতে সুপারি গাছের মালিকানা নিয়ে দ্বন্দ্বে চাচির লাঠির আঘাতে ভাতিজার মৃত্যু হয়েছে। নিহতের নাম রানা মিয়া(১৪)। সে উপজেলার নাওডাঙ্গা ইউনিয়নের গোরকমণ্ডপ গ্রামের হালাল উদ্দিনের ছেলে ও নাওডাঙ্গা ডিএস দাখিল মাদ্রাসার নবম শ্রেণির ছাত্র।
এলাকাবাসী ও নিহতের আরেক চাচি মঞ্জুয়ারা জানান, দুই ভাই হালাল ও হেলালের মধ্যে একটি সুপারি গাছের মালিকানা নিয়ে কথা কাটাকাটি শুরু হয়। এ সময় হালালের ছেলে রানা মিয়া এগিয়ে আসলে ও বাক বিতণ্ডায় জড়ালে হেলালের স্ত্রী নফিয়া বেগম লাঠি দিয়ে পেটায়। এতে সে গুরুতর আহত হলে প্রথমে ফুলবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও পরে রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিত্সাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
ফুলবাড়ী থানার ওসি খন্দকার ফুয়াদ রুহানী ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, পরিবারের পক্ষ থেকে অভিযোগ করা হলে আইনি ব্যবস্থা নেওয়া হবে।
