নারায়ণগঞ্জের যানজট সমাধানে অস্থায়ী ছয়টি ও স্থায়ী চারটি প্রস্তাব দিয়েছেন নারায়ণগঞ্জের আওয়ামী লীগ নেতা ও সংসদ সদস্য একেএম শামীম ওসমান।
বৃহস্পতিবার সন্ধ্যায় নারায়ণগঞ্জের চাষাঢ়ায় রাইফেল ক্লাবে এক সংবাদ সম্মেলনে তিনি এ প্রস্তাব তুলে ধরেন।
তিনি বলেন, গত তিন দিন রাস্তায় ট্রাফিক পুলিশের পাশাপাশি যানজট নিরসনের দায়িত্ব পালন করে এ সমস্যাগুলো চিহ্নিত করা হয়েছে। নারায়ণগঞ্জে যানজট নিরসনে মাত্র পাঁচজন ট্রাফিক পুলিশ রয়েছে। তাদের সঙ্গে সিটি করপোরেশনের ৫০ জন ট্রেনিংপ্রাপ্ত লোক নিয়োগ দেয়া, ফুটপাতে বসতে না দেয়া, শহরের গুরুত্বপূর্ণ পয়েন্টে ফুট ওভারব্রিজ নির্মাণ, অবৈধ রিকশা চলাচল বন্ধ, নগরীর প্রধান সড়কের মাঝে রোড ডিভাইডারের আয়তন কমিয়ে আনার দাবি জানান। এজন্য সিটি করপোরেশন, জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসনের সমন্বিত উদ্যোগ নেয়া হলে যানজটের সমস্যা আর থাকবে না।
এ সময় তিনি প্রজেক্টরের মাধ্যমে প্রদর্শিত চাষাঢ়া মোড়, ও ঢাকা নারায়ণগঞ্জ লিঙ্ক রোডে কোনো প্রতিবন্ধকতা ছাড়াই যানচলাচলের একটি আর্কিটেকচারাল নকশা সাংবাদিকদের সামনে তুলে ধরেন।
এ সময় তার সঙ্গে উপস্থিত ছিলেন মহানগর আওয়ামী লীগের সভাপতি আনোয়ার হোসেন, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট খোকন সাহা, নারায়ণগঞ্জ আইনজীবী সমিতির সভাপতি আনিছুর রহমান দীপু, পাবলিক প্রসিকিউটর ওয়াজেদ আলী খোকনসহ জেলা আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগের নেতাকর্মীরা।
