পাকিস্তান থেকে বাংলাদেশের কূটনীতিক মৌসুমি রহমানের বহিষ্কারের পরও সরকারের নীরব ভূমিকায় ক্ষোভ প্রকাশ করেছে গণজাগরণ মঞ্চ। এর প্রতিবাদে শুক্রবার বিকেল চারটায় শাহবাগ প্রজন্ম চত্বরে বিক্ষোভ সমাবেশ করবে তারা।
বৃহস্পতিবার গণজাগরণ মঞ্চের মুখপাত্র ডা. ইমরান এইচ সরকার এক বিবৃতিতে এ ঘোষণা দেন। এতে বলা হয়, সমাবেশ থেকে পরবর্তী সময়ে আরো কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।
তিনি বলেন, মৌসুমি রহমানকে বিনা কারণে বহিষ্কারের প্রতিবাদে গত ৮ জানুয়ারি পাকিস্তানের সঙ্গে সকল কূটনৈতিক ও বাণিজ্যিক সম্পর্ক স্থগিতের জন্য সরকারের প্রতি আহ্বান জানিয়ে ৭২ ঘণ্টার সময় বেঁধে দিয়েছিলাম। কিন্তু সরকার বিষয়টি কোনোভাবেই আমলে নেয়নি।
