‘ভার্চু সিগনেচার টাচ’ নামের একটি স্মার্টফোন এনেছে বিলাসবহুল হ্যান্ডসেট নির্মাতা প্রতিষ্ঠান ভার্চু। রকমারি গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান বেন্টলির সহযোগিতায় এই ফোন এনেছে ফিনল্যান্ডভিত্তিক কোম্পানিটি।
এই ফোনে গ্রাহকদের ‘মেইড টু অর্ডার’ অফার দিচ্ছে ভার্চু। এই অফারে ব্যবহারকারীরা নিজের প্রয়োজন অনুযায়ী স্মার্টফোনটিকে কাস্টমাইজ করে নিতে পারবেন।
ফোনটির চারপাশ বেন্টলির চামড়া দিয়ে তৈরি। এতে হটসপার সেলাইয়ের সঙ্গে বেন্টলির তৃতীয় প্রজন্মের লোগো রয়েছে। এই ফোন ৮টি চামড়ার রঙ এবং ১৬ টি সেলাইয়ের ডিজাইনে এসেছে, যা থেকে পছন্দের সংস্করণটি বেছে নিতে পারবেন ব্যবহারকারীরা।
ফোনটির মূল্য নির্ধারণ করা হয়েছে ৯ হাজার মার্কিন ডলার, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ৭ লাখ টাকা।
স্মার্টফোনটিতে ১০৮০x১৯২০ পিক্সেল রেজুলেশনের ৫.২ ইঞ্চির এইচ ডি ডিসপ্লে রয়েছে। এতে কোয়ালকমের অক্টা কোর স্ন্যাপ ড্রাগন ৮১০ চিপসেট ব্যবহার করা হয়েছে।
৪ জিবি র্যামের ফোনটিতে ৬৪ জিবি বিল্ট ইন মেমোরি রয়েছে, যা মাইক্রোএসডি কার্ডের সাহায্যে আরও ২ টিবি পর্যন্ত বাড়ানো যাবে।
অ্যান্ড্রয়েড ললিপপ চালিত ভার্চু সিগনেচার টাচে ২১ মেগাপিক্সেলের রিয়ার ক্যামেরা এবং ২.১ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা রয়েছে।
ফোনটিতে ৩১৬৯০ মিলি অ্যাম্পিয়ার আওয়ারের ব্যাটারি রয়েছে, যা দীর্ঘ সময় ব্যাকআপ সুবিধা দেবে।
