সাতক্ষীরায় এনজিও কর্মকর্তার বাড়িতে ডাকাতি

আপডেট : ১৫ জানুয়ারি ২০১৬, ১১:০০
সাতক্ষীরায় মোস্তফা হাসানুজ্জামান নামের এক এনজিও কর্মকর্তার বাড়িতে ডাকাতি সংঘটিত হয়েছে।  এ সময় ওই এনজিও কর্মকর্তার মা ও মেয়েকে মারধর করে অস্ত্রের মুখে নগদ ২০ হাজার টাকা, প্রায় সাড়ে পাঁচ লাখ টাকা মূল্যের সোনার গহনা, দামি মোবাইল ফোনসহ মূল্যবান জিনিসপত্র নিয়ে গেছে ডাকাতরা। 
 
শুক্রবার ভোর রাত ৩টার দিকে সাতক্ষীরা টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজ সংলগ্ন এলাকায় এ ডাকাতির ঘটনা ঘটে। 
 
মোস্তফা হাসানুজ্জামানের সহকর্মী, বেসরকারি সংস্থা সুশীলনের জেলা সমন্বয়কারী মনির হোসেন ঘটনাস্থল থেকে জানান, মোস্তফা হাসানুজ্জামান ক্যান্সারের চিকিৎসার জন্য বর্তমানে স্ত্রীকে নিয়ে চেন্নাই অবস্থান করছেন।  বাড়িতে তার মা ও মেয়ে ছিলেন।  রাতে একদল সশস্ত্র ডাকাত ঘরে ঢুকে তাদের মারধর করে অস্ত্রের মুখে জিম্মি করে।  পরে তাদের একটি ঘরে আটকে রেখে আলমারি ভেঙে নগদ ২০ হাজার টাকা, সাড়ে পাঁচ লাখ টাকা মূল্যের সোনার গহনা, দামি মোবাইল ফোনসহ বাড়ির দলিলপত্র লুট করে নিয়ে যায়। 
 
সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এমদাদুল হক শেখ বলেন, 'পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।  প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেয়া হবে। '