সিলেটের বিশ্বনাথে এক যুক্তরাজ্য প্রবাসীর বাড়িতে ডাকাতি হয়েছে। বৃহস্পতিবার দিবাগত গভীর রাতে উপজেলার দৌলতপুর ইউনিয়নের দৌলতপুর গ্রামের আবুল কালাম আজাদের বাড়িতে এ ঘটনা ঘটে। শুক্রবার খবর পেয়ে ভোরে থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে বলে জানা গেছে।
ওই রাতেই দূর্যাকাপন রাস্তা থেকে একটি সিএনজি চালিত অটোরিকশার চালককে হাত, পা বেঁধে রাস্তার পাশে ফেলে অটোরিকশা ছিনতাই করে নিয়ে যায় ডাকাতরা। গাড়িটি দক্ষিণ সুরমা উপজেলার দাউদপুরের নুরুল ইসলামের বলে জানা গেছে।
জানা যায়, প্রবাসীর বাড়িতে ডাকাত দল তালা ভেঙ্গে ঘরের ভেতরে প্রবেশ করে। প্রবাসীর ভাই রাসেল আহমদকে হাত, চোখ বেঁধে ও মাকে মারপিট করে প্রায় ২৫ ভরি স্বর্ণ, নগদ প্রায় ২০-২৫ হাজার টাকা, ৪টি মোবাইল সেট ও কাপড়সহ প্রায় ১২ লাখ টাকার মালামাল লুট করে নিয়ে যায় ডাকাত দল।
প্রবাসীর ভাই রাসেল আহমদ জানান, ১২-১৪ দলের একদল ডাকাত ঘরে প্রবেশ করে তার হাত ও চোখ বেঁধে দেয়। এ সময় তার মাকে মারধর করে এবং ঘরে থাকা স্বর্ণালংকারসহ প্রায় ১২ লাখ টাকার মালামাল ডাকাত দল নিয়ে যায়।
