কুমিল্লার হোমনা উপজেলায় সিএনজি চালকেরা অনির্দিষ্টকালের ধর্মঘট শুরু করেছে। আর এতে চরম দুর্ভোগে পড়েছে সিএনজিতে যাতায়াতকারী যাত্রী সাধারণ।
সিএনজি চালকদের অভিযোগ, হোমনা ও এর আশপাশে কোনো সিএনজি পাম্প নাই। তাই বাধ্য হয়ে গ্যাস নিতে তাদের গৌরিপুরে হাইওয়ে রুটের আধা কিলোমিটার পার হয়ে সিএনজি পাম্পে যেতে হয়। সকাল আটটার আগেই সিএনজি স্টেশনে পৌঁছাতে পারলেও পাম্পে ভিড় থাকায় গ্যাস নিতে আটটা পার হয়ে যায়। আর আটটা পার হয়ে গেলেই পুলিশ তাদের সিএনজি নিয়ে আটকে রাখে। এরপর সিএনজি হস্তগত করতে ১০/১২ হাজার টাকা লাগে।
হোমনা সিএনজি-অটোরিক্স মালিক সমিতির সভাপতি মো. নজরুল ইসলাম বলেন, ‘আমরা কোন ধর্মঘট ডাকি নাই। এটা চালকরা ডেকেছে।’
কুমিল্লা অঞ্চলের হাইওয়ে পুলিশ সুপার মো. রেজাউল করিম বলেন, ‘হাইওয়ে রুটে সিএনজির গ্যাস নেয়ার ওই সময়-সীমার ব্যাপারটি সরকারি সিদ্ধান্ত। আর পুলিশ অবৈধভাবে চালকদের সঙ্গে লেনদেন করেনা। চালকদের সঙ্গে অবৈধ লেনদেনের বিষয়টি প্রমাণিত হলে তাদের ব্যবস্থা নেয়া হবে।’
