মুন্সীগঞ্জে ট্রাক চালক-হেলপারকে জবাই করে চাল লুট

আপডেট : ১৫ জানুয়ারি ২০১৬, ১৭:২৭
মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলার বাউশিয়া গ্রামে রবিউল ইসলাম (৩৫) নামে এক ট্রাক চালকের জবাই করা লাশ উদ্ধার হয়েছে। এ সময় উপজেলাধীন ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ওই স্থান থেকে গলা কাটা অবস্থায় জীবিত ট্রাকের সহকারী আশরাফুল বাবুকে উদ্ধার করে (২২) ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করানো হয়েছে।
 
জানা গেছে, বৃহস্পতিবার রাত তিনটার দিকে আশুলিয়া থেকে চালভর্তি ট্রাকটিকে ছিনতাই করা হয়। এরপর ট্রাকের চালক ও হেলপারকে জবাই করে ৩৮১ বস্তা চাল লুট করে দুর্বৃত্তরা। খালি ট্রাকসহ চালক ও হেলপারের দেহ ওই স্থানে ফেলে পালিয়ে যায় তারা। পরে ট্রাকের জবাই করা লাশ উদ্ধার করা হয়। এ সময় সহকারী আশরাফকে গলা কাটা অবস্থায় জীবিত উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
 
গজারিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হেদায়েতুল ইসলাম ভূইয়া তথ্যের সত্যতা নিশ্চিত করে জানান, ময়নাতদন্তের জন্য লাশ মর্গে পাঠানো হয়েছে। দোষীদের গ্রেফতারে অভিযান শুরু হয়েছে।