মাদক প্রতিরোধে রাজনৈতিক দলগুলোর দৃঢ় অঙ্গিকারের অভাবে প্রভাবশালী মহল অবাধে মাদক দ্রব্যের কারবার চালিয়ে যাচ্ছে বলে অভিযোগ করেছেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক মো. আমির হোসেন। শুক্রবার চাঁদপুরের হাজীগঞ্জে মাদকবিরোধী এক সমাবেশে তিনি একথা বলেন।
বর্তমানে দেশের যুবসমাজের ৭০ লাখ সদস্য মাদক সেবন করছে জানিয়ে তিনি বলেন, মাদকের ভয়াবহ ‘ছোবল’ থেকে যুব সমাজকে, দেশকে রক্ষা করতে হলে রাজনৈতিক দলগুলোকে শক্ত অবস্থান নিতে হবে।
তিনি বলেন, ‘এর পেছনে যে প্রভাবশালী মহল জড়িত, তাদের যদি নিয়ন্ত্রণ করা না যায় তাহলে মাদকের ভয়াবহতা কনট্রোল করা অত্যন্ত দুরূহ ব্যাপার। সেজন্য প্রত্যেকটা পলিটিক্যাল পার্টির পক্ষ থেকে স্ট্রং পলিটিক্যাল কমিটমেন্ট প্রয়োজন।’
